...|...|...

খেলা

গ্রুপ চ্যাম্পিয়ন নেপাল, কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ শ্রীলঙ্কা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৪০
Shares
গ্রুপ চ্যাম্পিয়ন নেপাল, কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

কোয়ার্টার-ফাইনালে ওঠার সমীকরণ কঠিন ছিল জাপানের জন্য। শেষ ম্যাচে বড় ব্যবধানে জিততেই হতো স্বাগতিকদের। কিন্তু বৃষ্টির বাধায় ম্যাচ শেষ পর্যন্ত পরিত্যক্ত হওয়ায় সেই সুযোগও পেল না তারা। ফলে এশিয়ান গেমস ক্রিকেটের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে জাপানকে। অন্যদিকে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট পেয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে নেপাল।

শনিবার সকালে নিশিনে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয় জাপান ও নেপাল। জাপানের জন্য ম্যাচটি ছিল বাঁচা-মরার লড়াই। তবে বৃষ্টির কারণে ম্যাচের এক ইনিংসের বেশি খেলা সম্ভব হয়নি। নির্ধারিত ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে নেপাল। এরপর আর মাঠে নামতে পারেনি জাপান।

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই ম্যাচে এক পয়েন্ট নিয়েই গ্রুপ পর্ব শেষ করেছে স্বাগতিক জাপান। অন্যদিকে দুই ম্যাচে তিন পয়েন্ট সংগ্রহ করে ‘এ’ গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার-ফাইনালে উঠেছে নেপাল। দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্স-আপ হয়েছে আফগানিস্তান।

গ্রুপ পর্বের ফল অনুযায়ী কোয়ার্টার-ফাইনালে নেপালের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। অন্যদিকে আফগানিস্তানের সামনে রয়েছে শক্তিশালী ভারত। আইসিসি র‌্যাংকিংয়ের ভিত্তিতে সরাসরি শেষ আটে জায়গা পাওয়া চার দল হলো ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান।

ফরম্যাট অনুযায়ী, ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন নেপাল খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। আর গ্রুপ রানার্স-আপ আফগানিস্তানের প্রতিপক্ষ ভারত। এশিয়ান গেমসের আগের তিন আসরেই রৌপ্যপদক জিতেছিল আফগানিস্তান। এবার অবশ্য তাদের সামনে কঠিন পরীক্ষা।

কারণ এবারের আসরের জন্য পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামছে ভারত। বিপরীতে আফগানিস্তানের দলটি মূলত দ্বিতীয় সারির ক্রিকেটারদের নিয়ে গঠিত। ফলে গত তিন আসরের পদক ধরে রাখার মিশনে এবার তাদের সামনে বড় চ্যালেঞ্জ।

এদিকে ‘বি’ গ্রুপের সমীকরণও এখনো পুরোপুরি পরিষ্কার হয়নি। শনিবার বেলা ১১টায় নিশিনে গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে মালয়েশিয়া ও ওমান। দুই দলেরই রয়েছে কোয়ার্টার-ফাইনালে যাওয়ার সুযোগ। দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে দৌড়ে আছে হংকং, চায়নাও।

‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে। আর গ্রুপের রানার্স-আপ দলের বিপক্ষে খেলবে পাকিস্তান। ফলে মালয়েশিয়া-ওমান ম্যাচের ফল বাংলাদেশের কোয়ার্টার-ফাইনালের প্রতিপক্ষ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।