গাজীপুরের কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকায় এক ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফিস আহমেদ (৩২) নামে এক পোশাক শ্রমিক নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রাফিস খুলনা জেলার দাকোপ থানার বাঁশখালী গ্রামের খোরশেদ আলম গাজীর ছেলে। তিনি পরিবারসহ চক্রবর্তী এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে চক্রবর্তী এলাকায় রাফিজ একটি দোকানে ঝাল মুড়ি খাচ্ছিলেন। এসময় পাশের আরেকটি দোকানের ঝাল মুড়ি বিক্রেতা কয়েকজন পথচারীর সাথে বাগবিতণ্ডা ও চিৎকার চেঁচামেচি করছিলেন।
রাফিজ সেখানে গিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা
নিজের কাছে থাকা ধারালো ছুরি দিয়ে উপস্থিত আরও দুজনসহ রাফিজের উপর হামলা চালান। হামলায় রাফিজের পেটের ডানপাশে গভীর ছুরিকাঘাত লাগলে তিনি গুরুতর আহত হন।
পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাফিজের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিবাগত রাতে ১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরের স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঝাল মুড়ি বিক্রেতা আতাউর রহমান (৪২) কে পুলিশ আটক করে। আতাউর রহমান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ফলগাছা গ্রামের আব্দুল মজিদের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এস আই) শফিক আহমেদ জানান, অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতাকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি বলেন, তার বিরুদ্ধে এর আগেও একটি হত্যা মামলা রয়েছে।


