কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মানব পাচারের অভিযোগে তালিকাভুক্ত পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) উপজেলার দুটি সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর গ্রামের মো. শাহজাহানের ছেলে মো. জীবন মিয়া (২৮), রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে মো. খোকন (৪৮), উত্তর আশাবাড়ি গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. জিলানী (২৫), দক্ষিণ আশাবাড়ি গ্রামের মো. খিরিজ মিয়ার ছেলে টুটুল খান টিটু (৩০) এবং নারায়ণপুর গ্রামের ফয়েজ আহমেদের ছেলে আপন (৩৩)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার উপজেলার সালদানদী ও শশীদল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের (এএসসি) সার্বিক দিকনির্দেশনায় সংশ্লিষ্ট বিওপি কমান্ডারদের নেতৃত্বে বিজিবি ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশ যৌথভাবে অভিযানে অংশ নেয়।
অভিযানে আটক পাঁচজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানব পাচার, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল জোরদার করেছে বিজিবি।


