...|...|...

সারাদেশ

কুমিল্লায় ধর্ষণের অভিযোগে মামলা, ভুক্তভোগী নারীকে খুঁজছে পুলিশ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪০
Shares
কুমিল্লায় ধর্ষণের অভিযোগে মামলা, ভুক্তভোগী নারীকে খুঁজছে পুলিশ

চৌদ্দগ্রাম মডেল থানা, কুমিল্লা। ছবি: টাইমস টুডে

কুমিল্লায় মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে আটক অটোরিকশাচালক ইকরামুল হককে থানায় হস্তান্তরের পর মামলা করেছে পুলিশ। তবে ঘটনার শিকার নারীকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তাকে উদ্ধারে পুলিশের পাশাপাশি কাজ করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

সোমবার (১২ অক্টোবর) রাতে এসআরবি আটক ইকরামুলকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করে। পরে পুলিশ বাদী হয়ে মামলা করে। তবে ভুক্তভোগী নারীর সন্ধান না পাওয়ায় তাকে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখানো সম্ভব হয়নি। এ অবস্থায় মঙ্গলবার দুপুরে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।

এর আগে ঘটনার স্থান কোন থানার অধীনে, তা নিয়ে চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ মডেল থানা পুলিশের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ জটিলতার কারণে আটক ব্যক্তিকে হস্তান্তর ও মামলার প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, ঘটনাস্থল চিহ্নিত করতে সোমবার রাতে দুই থানার জ্যেষ্ঠ কর্মকর্তারা একসাথে সেখানে যান। পরে স্থানটি চৌদ্দগ্রাম থানার শামুকসার এলাকায় বলে নিশ্চিত হওয়া যায়।

চৌদ্দগ্রাম থানার ওসি মো. আরিফ হোছাইন বলেন, ঘটনাস্থল তাদের থানা এলাকায় নিশ্চিত হওয়ার পর আসামিকে বুঝে নেওয়া হয়। পরে পুলিশ বাদী হয়ে মামলা করে। ভুক্তভোগী নারীকে পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

এসআরবি-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, ঘটনাস্থল নিয়ে তৈরি হওয়া জটিলতার সমাধান হয়েছে। চৌদ্দগ্রাম থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী নারীকে খুঁজে বের করার চেষ্টাও চলছে।

এসআরবি সূত্রে জানা যায়, গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক অটোরিকশাচালককে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের কথা স্বীকার করতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। ভিডিওটি নজরে আসার পর সোমবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার যুক্তিখোলা এলাকা থেকে ইকরামুল হককে আটক করা হয়। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।