যে স্কুলবাসে চড়ে প্রতিদিন স্কুলে যেত আট বছরের শাহরিয়ার শায়ন, সেই বাসের চাকায় পিষ্ট হয়েই প্রাণ হারিয়েছে সে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বাসে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার জলসিঁড়ি আবাসন প্রকল্পে অবস্থিত আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জলসিঁড়ি শাখায় এ ঘটনা ঘটে।
নিহত শাহরিয়ার শায়ন ঢাকার খিলক্ষেতের বটতলা এলাকার বাসিন্দা সাজু আহমেদের ছেলে। সে ওই প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির ‘সি’ শাখার শিক্ষার্থী ছিল।
প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট সূত্র জানায়, স্কুল ছুটির পর বাড়ি ফেরার জন্য বাসে উঠছিল শায়ন। এ সময় পা পিছলে নিচে পড়ে যায় সে। ঠিক তখনই বাসটি চলতে শুরু করলে তার শরীর বাসের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন শিক্ষার্থী শাহরিয়ার শায়নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে শায়নের আকস্মিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। এক শোকবার্তায় প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। পাশাপাশি নিহত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনা করা হয়।
শোকবার্তায় আরও বলা হয়, বুধবার সকালে মর্নিং শিফটের অ্যাসেম্বলিতে শাহরিয়ার শায়নের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে। এ জন্য শিক্ষার্থীদের অজু করে পবিত্র অবস্থায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।


