...|...|...

সারাদেশ

রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, সকাল ৯:১৫
Shares
রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার। ছবি: সংগৃহীত

রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পায়ের নিচে রেখে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় নোয়াখালীর বাঁধের হাট আব্দুল মালেক উকিল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হাসিবুল ইসলাম মারুফকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। বহিষ্কারের পর সংগঠনটিকে ‘ভারতীয় দালাল দল’ আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন তিনি।
 
মঙ্গলবার (১৩ অক্টোবর) নোয়াখালী জেলা ছাত্রদলের দফতর সম্পাদক মো. মহসিন রিয়াজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নোয়াখালী জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাঁধের হাট আব্দুল মালেক উকিল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হাসিবুল ইসলাম মারুফকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
 
জানা যায়, গত রবিবার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পায়ের নিচে রেখে ফেসবুকে একটি পোস্ট দেন হাসিবুল ইসলাম মারুফ।
 
এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত সোমবার (১২ অক্টোবর) তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় নোয়াখালী জেলা ছাত্রদল। পরে মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের আদেশ দেয় সংগঠনটি।
 
বহিষ্কারের পর নোয়াখালী জেলা ছাত্রদলকে ‘ভারতীয় দালাল দল’ আখ্যা দিয়ে প্রতিক্রিয়া জানান হাসিবুল ইসলাম মারুফ। তিনি বলেন, চাঁদাবাজি করলে বহিষ্কার হতাম না, অনৈতিক কাজ করলে বহিষ্কার হতাম না, নেশাগ্রস্থ হলে বহিষ্কার হতাম না। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তথা রবীন্দ্রনাথের বিরোধীতা করায় নোয়াখালী জেলা ছাত্রদল আমাকে বহিষ্কার করে।