...|...|...

সারাদেশ

৬ দিন পর বান্দরবান-থানচি রুটে বাস চলাচল শুরু

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, সকাল ১১:০১
Shares
৬ দিন পর বান্দরবান-থানচি রুটে বাস চলাচল শুরু

ছবি: সংগৃহীত

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাসে বুধবার (১৪ অক্টোবর) থেকে বান্দরবান-থানচি পর্যটননির্ভর সড়কে যাত্রীবাহী বাস চলাচল পুনরায় শুরু হয়েছে। টানা ছয় দিন বন্ধ থাকার পর উভয় প্রান্ত থেকে দুটি করে মোট চারটি বাস চলছে।

বাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, বিপুল অঙ্কের চাঁদা পরিশোধের আগে বাস না চালাতে নির্দেশ দেয় একটি সশস্ত্র গোষ্ঠী। হুমকির মুখে ৮ অক্টোবর থেকে বান্দরবান-থানচি সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেন পরিবহনশ্রমিকেরা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা কর্তৃপক্ষের সাথে আলোচনা শেষে নিরাপত্তার আশ্বাস পেয়ে বাস চালাতে সম্মত হন পরিবহনশ্রমিকেরা।

বান্দরবান-থানচি-রুমা-রোয়াংছড়ি যাত্রীবাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম বলেন, ‘নিরাপত্তা বিধানে প্রশাসনের আশ্বাস ও বেড়াতে আসা পর্যটকদের স্বার্থ বিবেচনায় অনেকটা ঝুঁকি নিয়েই আমরা থানচি সড়কে যাত্রীবাহী বাস চালাতে রাজি হয়েছি।’

মো. নুরুল আলম জানান, বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোন কর্তৃপক্ষের সাথে বাস মালিক সমিতি ও পরিবহনকর্মীদের বৈঠক হয়। বৈঠকে বান্দরবান-থানচি সড়কের ওয়াই জংশন পয়েন্ট থেকে নীলগিরি পর্যটনকেন্দ্র পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিয়ে এসকর্টের ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়।