...|...|...

সারাদেশ

কষ্টে জমানো ২ লাখ টাকা ইঁদুর-উইপোকার পেটে, দিশেহারা কৃষক

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, সকাল ৭:০৩ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:২৬
Shares
কষ্টে জমানো ২ লাখ টাকা ইঁদুর-উইপোকার পেটে, দিশেহারা কৃষক

গাইবান্ধার সুন্দরগঞ্জে দীর্ঘদিনের কষ্টার্জিত প্রায় দুই লাখ টাকা ইঁদুর ও উইপোকার আক্রমণে নষ্ট হয়ে গেছে এক কৃষকের। কাঠের আলমারিতে সঞ্চয় করে রাখা টাকার বান্ডিলগুলো কেটে টুকরো টুকরো করে ফেলেছে ইঁদুর ও উইপোকা। সর্বস্বান্ত হয়ে এখন দিশেহারা কৃষক তোফাজ্জল হোসেন ভাটিয়া (৭২) ও তার পরিবার।

তোফাজ্জল হোসেন সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর ধুমাইটারি গ্রামের বাসিন্দা। স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে তার সংসার। দুই মেয়ের বিয়ে হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষিকাজের পাশাপাশি বাড়তি আয়ের আশায় তোফাজ্জল মাঝেমধ্যে ঢাকায় গিয়ে রিকশা চালাতেন। প্রতিদিনের আয় থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতেন তিনি। এভাবে দীর্ঘদিনে প্রায় দুই লাখ টাকা জমিয়েছিলেন।

পরিবারের ভবিষ্যৎ ও প্রয়োজনের কথা চিন্তা করে নিজের সঞ্চয়ের পাশাপাশি মেয়ের জামাইয়ের দেওয়া ৫০ হাজার টাকা এবং জমি বন্ধক রেখে পাওয়া অর্থও ওই সঞ্চয়ের সঙ্গে যোগ করেছিলেন তিনি। নিরাপদ মনে করে টাকাগুলো বাড়ির কাঠের আলমারিতে সংরক্ষণ করেছিলেন।

শুক্রবার (৭ আগস্ট) নতুন করে কিছু টাকা আলমারিতে রাখতে গিয়ে তিনি দেখতে পান, ভেতরে থাকা টাকার বান্ডিলগুলো ইঁদুর ও উইপোকায় কেটে ছিন্নভিন্ন করে ফেলেছে। দীর্ঘদিনের জমানো প্রায় পুরো সঞ্চয়ই নষ্ট হয়ে গেছে।

টাকা নষ্ট হওয়ার দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন তোফাজ্জল। তার সঙ্গে স্ত্রী ও পরিবারের সদস্যরাও কান্নায় ভেঙে পড়েন।

তোফাজ্জল হোসেন বলেন, ‘তিন মেয়ে ও স্ত্রীর ভবিষ্যতের কথা চিন্তা করে খেয়ে না খেয়ে দীর্ঘদিন ধরে টাকা জমিয়েছিলাম। এর মধ্যে জমি বন্ধক রাখার টাকাও ছিল। অনেক কষ্ট করে জমানো টাকাগুলো এভাবে শেষ হয়ে যাবে, কখনো ভাবিনি।’

তিনি সরকারের কাছে ক্ষতিগ্রস্ত টাকা বদলে দেওয়ার জন্য সহায়তার আবেদন জানিয়েছেন।

দহবন্দ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ছোবেদ আলী বলেন, শুক্রবার বিষয়টি জানতে পারেন তিনি। দীর্ঘদিনের সঞ্চয় নষ্ট হওয়ায় পরিবারটি চরম সংকটে পড়েছে। তিনি স্থানীয় প্রশাসন ও সরকারের সংশ্লিষ্টদের পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।