মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সম্মানে এক জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করা হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের এ আয়োজনে দুই নেতার মধ্যকার বাণিজ্যিক ও প্রযুক্তিগত সম্পর্কের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
এবারের এই রাষ্ট্রীয় ভোজে মার্কিন প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন ব্যক্তিত্ব অংশ নেন। আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক, অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক, এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং এবং ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান।
এদিকে, হোয়াইট হাউসের ভেতরে যখন রাষ্ট্রীয় আতিথেয়তা চলছে, তখন বাইরে এর সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যায়। প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প যখন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং এবং তার স্ত্রী পেং লিউয়ানকে স্বাগত জানাচ্ছেন, তখন বাইরে তীব্র বিক্ষোভ শুরু হয়।
এএফপির সংবাদকর্মীরা জানান, বিক্ষোভকারীরা ‘শি জিন পিং, আপনাকে স্বাগত নয়’ এবং ‘হংকংকে মুক্ত করো’ স্লোগান দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে, নৈশভোজের আগের দিনগুলোতে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হয় এবং দিনের শুরুতে ট্রাম্প জানান যে সিয়ের সাথে তার বৈঠকে বড় ধরনের অগ্রগতি অর্জিত হয়েছে।
নৈশভোজের আকর্ষণ বাড়াতে হোয়াইট হাউসে সামরিক কুচকাওয়াজ, আকাশে যুদ্ধবিমানের মনোমুগ্ধকর মহড়া এবং নতুন নির্মিত হেলিপ্যাড প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
কী ছিল নৈশভোজে এবং কী উপহার পেলেন শি?
বৈঠকের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক ঈগলের আদলে তৈরি একটি বিশেষ শিল্পকর্ম উপহার দেন।
অতিথিদের জন্য আয়োজিত রাজকীয় নৈশভোজে পরিবেশন করা হয় সুস্বাদু বিভিন্ন পদ। এর মধ্যে ছিল হলুদ স্কোয়াশের ভেলুতে, বিশেষ সামুদ্রিক মাছের পদ, ভ্যানিলা তিলের আবরণে তৈরি সি-বাস, ভ্যানিলা ক্রিম দিয়ে প্রস্তুত করা সুস্বাদু মিষ্টান্ন এবং হোয়াইট হাউসের নিজস্ব উৎপাদিত মধু দিয়ে তৈরি বিশেষ আইসক্রিম।
ভোজের পর ৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট আমন্ত্রিত অতিথিদের হোয়াইট হাউসের নতুন নির্মিত ৪০ কোটি ডলারের বলরুমের নির্মাণাধীন স্থানটি ঘুরে দেখার আমন্ত্রণ জানান। এ সময় ট্রাম্প অতিথিদের উদ্দেশে বলেন, আপনাদের সম্মানে, আপনারাই হবেন প্রথম ব্যক্তি যারা এখানে পা রাখবেন।
এরপর ট্রাম্প চীনা প্রেসিডেন্টকে হোয়াইট হাউসের নতুন হেলিপ্যাডটি দেখান এবং তাকে নিজের বহুল ব্যবহৃত ‘মেরিন ওয়ান’ হেলিকপ্টারেও চড়ান। দুই নেতার বৈঠক ও আয়োজনের পর ট্রাম্প সন্তুষ্টি প্রকাশ করে জানান যে তাদের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।
আজ শুক্রবার চীনা প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর শেষ হওয়ার কথা রয়েছে। সফরের শেষ দিনে মার্কিন ন্যাশনাল আর্কাইভস পরিদর্শনের কথা রয়েছে শি জিন পিংয়ের।


