...|...|...

বিশ্ব

কঙ্গোতে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২২

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:২৭ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:১০
Shares
কঙ্গোতে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২২

ছবি: সংগৃহীত

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসার একটি বিয়ের অনুষ্ঠানে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় আঞ্চলিক মেয়র।

রবিবার (৬ সেপ্টেম্বর) কঙ্গোলিজ প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী, উত্তর কিনশাসার লিঙ্গওয়ালা এলাকার একটি ভবনে গত শুক্রবার রাতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং তা শনিবার ভোর পর্যন্ত স্থায়ী হয়। আগুন লাগার পর আতঙ্কিত মানুষ যখন বাইরে বের হওয়ার চেষ্টা করছিলেন, তখন ভবনের সংকীর্ণ করিডোরগুলো অতিরিক্ত ভিড়ে আরও অবরুদ্ধ হয়ে পড়ে।

দুর্ঘটনার পর বেঁচে যাওয়া লোকজন আহতদের সহায়তায় এগিয়ে আসেন এবং ফুটপাতে বেশ কয়েকজনকে সারিবদ্ধভাবে শুইয়ে রাখেন।

লিঙ্গওয়ালার মেয়র নরবার্ট মুশিঙ্গা জানিয়েছেন, এটি একটি প্রাথমিক হিসাব অনুযায়ী মৃত্যুর সংখ্যা এবং এই সংখ্যা আরও বাড়তে পারে।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করা যায়নি। ঘটনাস্থল পরিদর্শনের পর কঙ্গোর উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জাকমিন শাবানি এটিকে একটি মর্মান্তিক ঘটনা বলে অভিহিত করেছেন।

উল্লেখ্য, কিনশাসার ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা বেশ নিয়মিত। বিশেষ করে অগ্নিনিরাপত্তা ও পর্যাপ্ত ফায়ার সার্ভিসের ব্যবস্থা ছাড়াই অপরিকল্পিতভাবে শহুরে অবকাঠামো গড়ে ওঠায় এসব দুর্ঘটনা মারাত্মক রূপ নেয়। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শুষ্ক মৌসুমে এই অঞ্চলে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং চলতি বছরেও বেশ কয়েকটি বড় দুর্ঘটনা ঘটেছে।