সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তুরস্কের একটি বিমানবন্দরে নামাজের নেতৃত্ব দেওয়ার সময় অসুস্থ হয়ে মারা গেছেন ৬৮ বছর বয়সী এক অবসরপ্রাপ্ত ইমাম। নিহত ওই ইমামের নাম আবদুল্লাহ ওজকান। তিনি তুরস্কের কোনইয়া প্রদেশের বেইশেহির জেলার বাসিন্দা।
সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কোনইয়া বিমানবন্দরে প্রায় ১৮০ জন ওমরাহযাত্রীর একটি দলের সঙ্গে মক্কার উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ওজকান। এ সময় তিনি ইহরামের সাদা পোশাক পরিহিত অবস্থায় সহযাত্রীদের নামাজে নেতৃত্ব দিচ্ছিলেন।
তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুর বরাতে জানা যায়, ভ্রমণের আনুষ্ঠানিকতা শেষ করে রাত ২টার দিকে বিমানবন্দরে জড়ো হন তীর্থযাত্রীরা। সেখানে নামাজের নেতৃত্ব দেওয়ার পর কালিমা, তালবিয়া ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর দরুদ পাঠ করছিলেন ওজকান। একপর্যায়ে হঠাৎ তাঁর কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনার পরপরই বিমানবন্দরের চিকিৎসাকর্মীরা তাঁকে প্রাথমিক চিকিৎসা ও সিপিআর দেন। পরে জরুরি সেবাকর্মীরা তাঁকে সেলচুক ইউনিভার্সিটি মেডিকেল ফ্যাকাল্টি হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
তুর্কি গণমাধ্যমের প্রতিবেদনে হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা বলা হলেও তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
প্রত্যক্ষদর্শী ও দীর্ঘ ১৫ বছরের সহকর্মী ইসমাঈল গুমুশ জানান, ঘটনার আগে ওজকানের মধ্যে অসুস্থতার কোনো লক্ষণ দেখা যায়নি। দরুদ পাঠের শেষ পর্যায়ে তিনি হঠাৎ সামনের দিকে পড়ে যান। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
এদিকে বেইশেহিরের মুফতি এনেস আকতাশ ওজকানের মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁকে একজন সম্মানিত ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেন।
শুক্রবার বেইশেহিরের চারশি মসজিদে জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এ সময় পরিবারের সদস্য, সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।



