...|...|...

বিশ্ব

এডেন বিমানবন্দরে হুথিদের হামলা, ইয়েমেনে তীব্র লড়াই

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৪৩
Shares
এডেন বিমানবন্দরে হুথিদের হামলা, ইয়েমেনে তীব্র লড়াই

এডেন বিমানবন্দরে হুথিদের হামলা, ইয়েমেনে তীব্র লড়াই। ছবি: সংগৃহীত

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। এর মধ্যেই বুধবার ভোরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকবোঝাই ড্রোন দিয়ে এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে হুথিরা। দেশটির পরিবহন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কায়রো থেকে আসা একটি যাত্রীবাহী ফ্লাইট অবতরণের কয়েক মিনিট আগে বিমানবন্দরের রানওয়ের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। নিরাপত্তার কারণে ফ্লাইটটির অবতরণ বাতিল করে জেদ্দায় পাঠিয়ে দেওয়া হয়। একইসাথে আরও হামলার আশঙ্কায় রানওয়েতে থাকা দুটি বিমানও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে হুথিদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এডেন আন্তর্জাতিক বিমানবন্দর হুথিদের নিয়ন্ত্রণের বাইরে থাকা ইয়েমেনের বিভিন্ন অঞ্চলের অন্যতম প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার। এদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, সৌদি রাজধানী রিয়াদের উত্তরে একটি হুথি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তারা ধ্বংস করেছে।

জোটের দাবি, ক্ষেপণাস্ত্রটি হুথিদের নিয়ন্ত্রিত সানা থেকে ছোড়া হয়েছিল। এর উৎক্ষেপণ প্ল্যাটফর্ম শনাক্ত করে ধ্বংস করার কাজও চলছে বলে জানিয়েছে তারা। তবে ওই ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

অন্যদিকে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে দাবি করেন, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে কয়েকটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে তার সংগঠন। তবে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ওই বিমানবন্দরে হামলার বিষয়টি নিশ্চিত করেনি।

ইয়েমেনের একাধিক ফ্রন্টে সংঘাত বাড়ার মধ্যে এসব হামলার ঘটনা ঘটছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে লোহিত সাগরের উপকূলীয় কয়েকটি এলাকায় হুথিরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর সৌদি সমর্থিত সরকারি বাহিনী তাদের বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করেছে।

এ সপ্তাহে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান সহায়তায় ইয়েমেনের সরকারি বাহিনী কৌশলগত বাব আল-মান্দেব প্রণালি ও মোখা শহরের আশপাশের লোহিত সাগর উপকূল পুনর্দখলে অভিযান জোরদার করেছে। এতে গত মাসে হুথিদের দখলে যাওয়া কয়েকটি এলাকা থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে বুধবার সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সৌদি শহর খামিস মুশাইতের দিকে ছোড়া একটি হুথি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

অন্য এক বিবৃতিতে ইয়াহিয়া সারি দাবি করেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে খামিস মুশাইতের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং একটি বিমানঘাঁটিতেও হামলা চালিয়েছে হুথিরা। তবে খামিস মুশাইতের কাছে জোট যে ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানিয়েছে, সেটির সঙ্গে ওই হামলার কোনো সম্পর্ক রয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।