হুথি বিদ্রোহীদের মোকাবিলা ও পরাজিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর সহায়তা চেয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। দেশটির স্থিতিশীলতা নিশ্চিত করা শুধু ইয়েমেন নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থের সঙ্গেও জড়িত বলে জানিয়েছে সরকার। সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইয়েমেন সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়, উত্তেজনা কমানো এবং শান্তি প্রতিষ্ঠার সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর বন্ধু ও মিত্র দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন এখন জরুরি হয়ে পড়েছে।
পোস্টে বলা হয়, ইয়েমেনের জনগণ, রাষ্ট্র ও জাতীয় প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে সহায়তা করতে হবে, যাতে হুথিদের সশস্ত্র তৎপরতা মোকাবিলা করা যায়। সরকারের অভিযোগ, হুথিরা অস্ত্রের জোরে জনগণের ইচ্ছাকে জিম্মি করে রেখেছে এবং দেশটির তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করছে।
ইয়েমেন সরকার আরও বলেছে, হুথিদের কর্মকাণ্ডের ঝুঁকি এখন শুধু দেশের সীমানার মধ্যেই সীমাবদ্ধ নেই। তাদের তৎপরতা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্যও হুমকি তৈরি করছে।
এ কারণে হুথিদের আগ্রাসন ও সশস্ত্র অভ্যুত্থানের অবসান ঘটানো এখন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক—তিন পর্যায়েই যৌথ দায়িত্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করা হয়।
ইয়েমেন সরকারের মতে, পরিস্থিতি মোকাবিলায় কেবল রাজনৈতিক অবস্থান নয়, বরং দৃঢ় ও কার্যকর আন্তর্জাতিক সহায়তাও প্রয়োজন।


