মক্কা ও মদিনার পবিত্র আকাশসীমা ছাড়া সৌদি আরবের বাকি আকাশসীমাকে নিজেদের সামরিক অভিযানের জন্য উন্মুক্ত ক্ষেত্র ঘোষণা করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা। এই সতর্কবার্তার পর রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয়বারের মতো হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি।
সোমবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে হুথিদের সামরিক মুখপাত্র জানান, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আগ্রাসনের জবাবে রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলা চালানো হয়েছে। হামলাটি নিখুঁত ছিল এবং এর ফলে বিমানবন্দরের বিমান চলাচল ব্যাহত হয়েছে বলে দাবি করা হয় বিবৃতিতে।
এর আগে একই দিন সৌদি আকাশসীমা ব্যবহার না করার বিষয়ে সতর্ক করে হুথিরা। ওই বার্তায় বলা হয়, ‘মক্কা ও মদিনার পবিত্র আকাশসীমা ছাড়া সৌদি আকাশসীমা আমাদের অভিযানের জন্য উন্মুক্ত ক্ষেত্র।’
সতর্কবার্তা উপেক্ষা করলে পরিণতির দায় নেবে না বলেও জানায় গোষ্ঠীটি। বিবৃতিতে বলা হয়, ‘সৌদি আকাশসীমা ব্যবহার অব্যাহত রাখার বিষয়ে আমাদের সতর্কবার্তা উপেক্ষা করার ফলে যে পরিণতি হবে, তার কোনো দায়ভার আমরা নেব না।’


