ইয়েমেনের সরকারপন্থী বাহিনী হুথিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ১ হাজার ১২২টি হামলা চালানোর দাবি করেছে। এসব হামলায় কামানের অবস্থান, রকেট লঞ্চার এবং কমান্ড ও কন্ট্রোল সেন্টারসহ বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। সোমবার সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলি বলেন, সাদা, আল-জাওফ, তাইজ ও ইয়েমেনের উপকূলীয় এলাকায় এসব হামলা চালানো হয়।
তাঁর দাবি, অভিযানে যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র, রকেট, কামান ও স্নাইপার ব্যবহার করা হয়েছে। এতে প্রায় ১ হাজার ৭৪৭ হুথি যোদ্ধা নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
তবে আল জাজিরা জানিয়েছে, যুদ্ধক্ষেত্রের এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হুথি নিয়ন্ত্রিত সব এলাকা পুনর্দখলের লক্ষ্যে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার পর এমন দাবি সামনে এলো।


