...|...|...

তথ্যপ্রযুক্তি

এআইয়ের পরামর্শ নেওয়ার আগে যেসব বিষয়ে সতর্ক হবেন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, দুপুর ১:৫৩ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:০৫
Shares
এআইয়ের পরামর্শ নেওয়ার আগে যেসব বিষয়ে সতর্ক হবেন

এআইয়ের পরামর্শ নেওয়ার আগে সতর্ক থাকুন। ছবি : সংগৃহীত

কাজের গতি বাড়ানো, জটিল তথ্য সহজে বোঝা কিংবা দ্রুত প্রশ্নের উত্তর পাওয়া—বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাড়ছে। তবে সব বিষয়ে এআইয়ের দেওয়া তথ্য বা পরামর্শের ওপর পুরোপুরি নির্ভর করা ঠিক নয়। বিশেষ করে ভুল তথ্য বা অসম্পূর্ণ পরামর্শের কারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সমস্যা হতে পারে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকইয়াহুর এক প্রতিবেদনে এআই ব্যবহারের ক্ষেত্রে পাঁচটি বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

১. ব্রেকিং নিউজ

সদ্য ঘটে যাওয়া কোনো ঘটনা সম্পর্কে এআইয়ের কাছ থেকে তথ্য নেওয়ার সময় সতর্ক থাকা জরুরি। ব্রেকিং নিউজের তথ্য দ্রুত পরিবর্তিত হয়। ফলে চ্যাটবট কখনো গুজব, অপ্রমাণিত বা অসম্পূর্ণ তথ্যকে সঠিক হিসেবে তুলে ধরতে পারে।

তাই সর্বশেষ খবর জানতে এআইয়ের পাশাপাশি নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের প্রতিবেদনও যাচাই করা উচিত।

২. আইনি পরামর্শ

আইনের জটিল বিষয় সহজভাবে বুঝতে এআই সহায়ক হতে পারে। তবে নির্দিষ্ট কোনো আইনি সমস্যার সমাধানে এর ওপর পুরোপুরি নির্ভর করা ঠিক নয়। কারণ আইন দেশ, অঞ্চল ও পরিস্থিতি অনুযায়ী ভিন্ন হতে পারে।

তাই আইনি নথি বা শব্দের অর্থ বুঝতে এআই ব্যবহার করা গেলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে আইনজীবীর পরামর্শ নেওয়া ভালো।

৩. নৈতিক বা আবেগসংক্রান্ত বিষয়

সম্পর্ক, আবেগ কিংবা নৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে এআইয়ের পরামর্শ সবসময় বাস্তব পরিস্থিতির সাথে মিল নাও হতে পারে। কারণ চ্যাটবট একজন মানুষের ব্যক্তিগত ইতিহাস, অভিজ্ঞতা ও সম্পর্কের সবকিছু জানে না।

এ ধরনের বিষয়ে এআইয়ের পরামর্শকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে না নিয়ে সম্ভাব্য বিভিন্ন দিক বোঝার জন্য ব্যবহার করা যেতে পারে।

৪. ব্যক্তিগত, স্বাস্থ্য ও আর্থিক তথ্য

পাসওয়ার্ড, ব্যাংক বা আর্থিক তথ্য, পরিচয়সংক্রান্ত তথ্য কিংবা সংবেদনশীল স্বাস্থ্যতথ্য এআইয়ের সাথে শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। এসব তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।

প্রয়োজনে আসল তথ্যের পরিবর্তে সাধারণ বা কাল্পনিক উদাহরণ দিয়ে এআইয়ের কাছ থেকে ধারণা নেওয়া যেতে পারে।

৫. নিজের হয়ে সিদ্ধান্ত নেওয়া

চাকরি, সম্পর্ক, অর্থ কিংবা জীবনের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত পুরোপুরি এআইয়ের ওপর ছেড়ে দেওয়া ঠিক নয়। কারণ আপনার জীবনের সব তথ্য ও বাস্তব পরিস্থিতি চ্যাটবটের জানা থাকে না।

বরং সিদ্ধান্তের সুবিধা-অসুবিধা, সম্ভাব্য ঝুঁকি ও বিকল্পগুলো সাজিয়ে দিতে এআইকে বলা যেতে পারে। এরপর নিজের প্রয়োজন ও পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়াই ভালো।

সব মিলিয়ে, এআইকে চূড়ান্ত সিদ্ধান্তদাতা নয়, সহায়ক হিসেবে ব্যবহার করাই নিরাপদ। গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল বিষয়ে এআইয়ের দেওয়া তথ্য যাচাই করে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।