...|...|...

বিশ্ব

ইসরায়েলের নতুন সরকারে নেতানিয়াহুকে রাখতে রাজি আইজেনকোট

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৭
Shares
ইসরায়েলের নতুন সরকারে নেতানিয়াহুকে রাখতে রাজি আইজেনকোট

ছবি: সংগৃহীত

দখলদার ইসরায়েলের পরবর্তী সরকারে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা উড়িয়ে দেননি বিরোধী নেতা গাদি আইজেনকোট। প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছ থেকে সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব পাওয়ার পর তিনি জানিয়েছেন, নেতানিয়াহু ও তার দলের সদস্যরা ঐক্যের ভিত্তিতে কাজ করতে চাইলে তাঁদের সঙ্গে জোট গঠনের বিষয়টি বিবেচনা করতে প্রস্তুত তিনি।

রবিবার (৮ নভেম্বর) জেরুজালেমে প্রেসিডেন্টের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন আইজেনকোট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর পাশাপাশি তার সরকারের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিখকেও সম্ভাব্য জোটে স্বাগত জানানোর ইঙ্গিত দিয়েছেন আইজেনকোট। তবে নতুন সরকার তার নেতৃত্বে এবং ঘোষিত নীতিমালার ভিত্তিতে গঠিত হতে হবে বলে শর্ত দিয়েছেন তিনি।

আইজেনকোট বলেন, ‘লিকুদ পার্টি এবং রিলিজিয়াস জায়োনিস্ট পার্টির সদস্যরা যদি সত্যিই মনে করেন যে এখন ঐক্যের সময়—যেমনটা তারা প্রেসিডেন্টকে বলেছেন—তবে আমার নেতৃত্বে এবং আমার প্রস্তাবিত নীতিমালার ভিত্তিতে গঠিত সরকারকে সমর্থন না করার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না।’

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে আইজেনকোটের নেতৃত্বাধীন চারদলীয় জোট ৪৮টি আসন পায়। অন্যদিকে, নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মীয় জোট পায় ৫৩টি আসন। আরব নেতৃত্বাধীন দলগুলো জয় পায় ১৯টি আসনে। তবে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

নির্বাচনের পর রাজনৈতিক দলগুলোর সাথে প্রেসিডেন্টের আলোচনায় ৬৭ জন আইনপ্রণেতা আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সুপারিশ করেন। বিপরীতে নেতানিয়াহুর পক্ষে সমর্থন জানান ৪৬ জন। এরপর প্রেসিডেন্ট হারজোগ আনুষ্ঠানিকভাবে আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন।

সরকার গঠনের জন্য প্রথমে ২৮ দিন সময় পাবেন আইজেনকোট। প্রয়োজন হলে আরও ১৪ দিন সময় বাড়ানো যাবে। অর্থাৎ সর্বোচ্চ ছয় সপ্তাহের মধ্যে তাঁকে প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে হবে।

এদিকে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আইজেনকোটকে সমর্থন জানিয়েছে ইসরায়েলের আরব নেতৃত্বাধীন দলগুলো। তাদের সমর্থন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সুযোগ থাকলেও এসব দলকে সরাসরি সরকারে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নাকচ করেছেন আইজেনকোট।

অন্যদিকে, অতি-অর্থোডক্স ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাসের সমর্থন পেলে ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবেন তিনি। তবে রাজনৈতিক মতপার্থক্যের কারণে এই সমীকরণও অনিশ্চিত রয়ে গেছে।

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনের প্রসঙ্গ তুলে ইসরায়েলে স্থিতিশীল সরকার গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন প্রেসিডেন্ট হারজোগ। তার মতে, যুক্তরাষ্ট্রের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় ইসরায়েলের জন্য একটি কার্যকর ও স্থিতিশীল সরকার অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান ছিলেন আইজেনকোট। ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভায় পর্যবেক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।