...|...|...

বিশ্ব

ইসরায়েলি বিমান অবতরণে নিষেধাজ্ঞা দিল মরিশাস

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৩৮
Shares
ইসরায়েলি বিমান অবতরণে নিষেধাজ্ঞা দিল মরিশাস

ছবি: সংগৃহীত

ইসরায়েল থেকে ছেড়ে যাওয়া একটি ফ্লাইটে অবতরণের অনুমতি দেয়নি ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মরিশাস। শেষ পর্যন্ত অনুমতি পাওয়ার সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় ফ্লাইটটি বাতিল করতে বাধ্য হয়েছে সংশ্লিষ্ট ট্যুর অপারেটর।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

আনাদোলু এজেন্সির বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, এয়ার সেশেলসের ওই ফ্লাইটটির ইসরায়েল থেকে মরিশাসে যাওয়ার কথা ছিল। কিন্তু দেশটির কর্তৃপক্ষ অবতরণের অনুমতি না দেওয়ায় শেষ মুহূর্তে যাত্রা বাতিল করা হয়।

ভ্রমণ আয়োজনকারী ইসরায়েলি ট্যুর অপারেটর কোম্পানি ‘স্পিরিট ওয়ার্ল্ড প্রোডাকশনস’ জানিয়েছে, ফ্লাইটটি পরিচালনার জন্য কয়েক মাস আগেই সমস্ত অনুমোদন নেওয়া হয়েছিল। তবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক ও কূটনৈতিক কারণেই মূলত এই অবতরণের অনুমতি অস্বীকার করা হয়েছে।

এই সিদ্ধান্তের বিষয়ে মরিশাসের কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, ইসরায়েলের চ্যানেল ১২-এর সাথে কথা বলা সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় মরিশাসের প্রতিনিধিদলের অনুপস্থিত থাকার ঘটনার সাথেই এই নিষেধাজ্ঞার যোগসূত্র থাকতে পারে।

স্পিরিট ওয়ার্ল্ড প্রোডাকশনস জানিয়েছে, ক্ষতিগ্রস্ত যাত্রীদের যাতায়াত বা বিকল্প ব্যবস্থার বিষয়ে তারা এয়ার সেশেলস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ করে যাচ্ছে।