ইহুদিদের ‘সুকোট’ বা তাঁবু উৎসবকে কেন্দ্র করে অধিকৃত পশ্চিম তীরে এক সপ্তাহের কঠোর ও সার্বিক অবরোধের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এর ফলে অঞ্চলটির সব সীমান্ত ক্রসিং এবং চেকপোস্টে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ‘ওয়াফা’ এ তথ্য জানিয়েছে।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শনিবার (৩ অক্টোবর) পর্যন্ত এই অবরোধ বলবৎ থাকবে।
ইহুদিদের ধর্মীয় উৎসব ‘ফিস্ট অব ট্যাবারনোকলস’ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থার অজুহাতে ইসরায়েলি কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় চেকপোস্ট ও ব্যারিকেডগুলোতে সামরিক কড়াকড়ি আরও জোরদার করা হয়েছে, যার ফলে ফিলিস্তিনিদের সাধারণ চলাচল এবং পবিত্র স্থানগুলোতে প্রবেশাধিকার মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওয়ফা জানিয়েছে, রবিবার ইসরায়েলি বাহিনী রামাল্লাহ ও আল-বিরের আশেপাশের এলাকায় কড়াকড়ি আরও বাড়িয়ে দেয়। বেশ কয়েকটি রাস্তা ও প্রবেশপথ বন্ধ করে দেওয়ার পাশাপাশি ফিলিস্তিনিদের হয়রানি করা হয়।
বাহিনীগুলো তুরমুজ আয়া, আবুদ, নবী সালেহ, আতারা এবং তাইবের প্রবেশপথগুলো সিল করে দেয়। একই সাথে ইয়াভরুদ, আইন সিনিয়া ও জাবায় চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হয় এবং ফিলিস্তিনিদের পরিচয়পত্র যাচাই করা হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাসে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনী ও বসতিস্থাপনকারীদের হামলা ও নিপীড়ন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ফিলিস্তিনি সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই সময়ের মধ্যে অন্তত ১ হাজার ২০৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন (যাদের মধ্যে ২৫৪ জন শিশু), আহত হয়েছেন প্রায় ১৩ হাজার ৩৫০ জন এবং গ্রেফতার হয়েছেন ২৪ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ।


