...|...|...

বিশ্ব

ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১৪ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৩৯
Shares
ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ

ছবি: সংগৃহীত

আসন্ন ধর্মীয় উৎসবগুলোকে সামনে রেখে বিশ্বজুড়ে অবস্থানরত নিজেদের নাগরিকদের জন্য উচ্চপর্যায়ের নিরাপত্তা সতর্কতা জারি করেছে ইসরায়েল। দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এনএসসি) জানিয়েছে, বিদেশ সফররত ইসরায়েলি ও ইহুদিদের ওপর সন্ত্রাসী হামলার ঝুঁকি আগের চেয়ে বহুগুণ বেড়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই সতর্কতার অংশ হিসেবে ইসরায়েলিদের ভ্রমণের জন্য চরম ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের নামও রাখা হয়েছে।

ইসরায়েল সরকারের আশঙ্কা, ইরান ও তাদের বিভিন্ন সহযোগী গোষ্ঠী বিদেশে থাকা ইসরায়েলিদের লক্ষ্য করে হামলা চালাতে পারে। এ ছাড়া আগামী অক্টোবরে গাজা সংঘাতের বর্ষপূর্তিকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ইসরায়েলবিরোধী সহিংসতা ও হামলা বাড়ার আশঙ্কা করছে সংস্থাটি।

এই পরিস্থিতিতে বাংলাদেশসহ পাকিস্তান, আফগানিস্তান, সোমালিয়া, লিবিয়া ও আলজেরিয়া সফরে বিশেষ সতর্কতা অবলম্বন ও ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে ইরান, সিরিয়া, লেবানন, ইরাক ও ইয়েমেনে ইসরায়েলিদের যাতায়াত আইনত নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া জর্ডান, কাতার, মিসর ও তুরস্ককেও ঝুঁকিপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত রাখা হয়েছে।

ঝুঁকি এড়াতে বিদেশে অবস্থানরত নাগরিকদের নিজেদের পরিচয় গোপন রাখার নির্দেশ দিয়েছে এনএসসি। জনসমক্ষে হিব্রু ভাষায় কথা না বলা, ধর্মীয় পোশাক ও প্রতীক ব্যবহার না করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবস্থান প্রকাশ না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সাথে সব ধরনের বিক্ষোভ এড়িয়ে চলা এবং জরুরি সহায়তার প্রস্তুতি রাখার আহ্বান জানানো হয়েছে।