...|...|...

বিশ্ব

ইরানের সাথে ব্যবসা, যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি হুয়াওয়ে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩৭
Shares
ইরানের সাথে ব্যবসা, যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি  হুয়াওয়ে

ছবি: সংগৃহীত

ইরানের সাথে ব্যবসায়িক তথ্য গোপন করে ব্যাংক প্রতারণা ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তি চুরির অভিযোগে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের বিরুদ্ধে বহুল আলোচিত মামলার বিচারপ্রক্রিয়া শুরু হচ্ছে।

নিউ ইয়র্কের ব্রুকলিন ফেডারেল আদালতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জুরি নির্বাচনের মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে পারে।

হুয়াওয়ের বিরুদ্ধে ব্যাংক প্রতারণার পাশাপাশি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের গোপন তথ্য চুরি, উত্তর কোরিয়া নিয়ে মিথ্যা তথ্য দেওয়া এবং ২০০৯ সালে তেহরানে বিক্ষোভকারীদের ওপর নজরদারিতে সহায়তা করার অভিযোগ রয়েছে।

২০১৮ সালে কানাডার ভ্যাঙ্কুভার থেকে হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মেং ওয়ানঝুকে গ্রেফতারের মধ্য দিয়ে এ সংকটের সূচনা হয়, যা যুক্তরাষ্ট্র, চীন ও কানাডার কূটনৈতিক সম্পর্কে বড় প্রভাব ফেলেছিল। পরে ওয়াশিংটন জাতীয় নিরাপত্তার অজুহাতে ২০১৯ সালে হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করে।

মার্কিন জেলা বিচারক অ্যান ডনলির এজলাসে শুনানিটি প্রায় তিন মাস ধরে চলবে বলে ধারণা করা হচ্ছে। বিচারপ্রক্রিয়ার এই সময়টি আগামী ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের সূচির সঙ্গে মিলে যাচ্ছে।

প্রসিকিউটরদের দাবি, হুয়াওয়ে ‘স্কাইকম’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে মার্কিন নিষেধাজ্ঞা ডিঙিয়ে ইরানে পণ্য ও প্রযুক্তি লেনদেন করত এবং এইচএসবিসি ব্যাংকের মাধ্যমে বিপুল অর্থ পাচার করেছে। তবে হুয়াওয়ে অর্থ পাচার, বাণিজ্যিক তথ্য চুরি ও ব্যাংক প্রতারণাসহ সব অভিযোগ অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবি করেছে।

অন্যদিকে চীন সরকার ও হুয়াওয়ে এই মামলাকে বেইজিংয়ের প্রযুক্তিগত উত্থান ঠেকানোর মার্কিন ষড়যন্ত্র বলে অভিহিত করেছে। হুয়াওয়ের মুখপাত্র এক বিবৃতিতে মার্কিন সরকারের এই অভিযোগকে পুরোপুরি ‘ভিত্তিহীন’ বলে দাবি করেন। অভিযোগ প্রমাণিত হলে হুয়াওয়ের অবৈধ অর্জিত সম্পত্তি বা অর্থ বাজেয়াপ্ত করার আবেদন জানাবেন মার্কিন প্রসিকিউটররা।