...|...|...

বিশ্ব

ইরানে নতুন হামলা হলে যুদ্ধ ছড়াবে ইউরোপ পর্যন্ত: মোত্তাকি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, সকাল ৮:৩৪
Shares
ইরানে নতুন হামলা হলে যুদ্ধ ছড়াবে ইউরোপ পর্যন্ত: মোত্তাকি

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো যুদ্ধ শুরু হলে তা মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান আইনপ্রণেতা মানুচেহর মোত্তাকি। তিনি বলেছেন, নতুন কোনো হামলার জবাবে ইরানের প্রতিক্রিয়া ভৌগোলিক সীমারেখায় আটকে থাকবে না।

সোমবার (২ নভেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ইরানি গণমাধ্যমের বরাতে মোত্তাকি বলেন, ‘ইরানের বিরুদ্ধে নতুন কোনো যুদ্ধ শুরু হলে তা ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়বে। ভৌগোলিক সীমাবদ্ধতা না থাকার অর্থ হলো, আমাদের ক্ষেপণাস্ত্র ইউরোপ পর্যন্ত পৌঁছাতে সক্ষম।’

ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি সামরিক বাহিনীকে নতুন হামলার ক্ষেত্রে ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই তাৎক্ষণিক জবাব দেওয়ার প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়ার একদিন পর এ মন্তব্য করলেন মোত্তাকি। তার মতে, এই নির্দেশ ইরানের প্রতিপক্ষ ও তাদের মদদদাতাদের জন্য স্পষ্ট বার্তা।

এ সময় যুক্তরাজ্য, ইতালি, পর্তুগাল ও জার্মানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার জন্য সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ করেন তিনি। মোত্তাকি বলেন, ‘এই দেশগুলোও আমেরিকার অপরাধের সহযোগী।’