...|...|...

বিশ্ব

ইরানের যুদ্ধকে অর্থনৈতিক ‘ভূমিকম্পের’ সাথে তুলনা কাতারের প্রধানমন্ত্রীর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:০০ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:১০
Shares
ইরানের যুদ্ধকে অর্থনৈতিক ‘ভূমিকম্পের’ সাথে তুলনা কাতারের প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে স্থায়ী নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য সব রাষ্ট্রকে একে অপরের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের ফলে সৃষ্ট পরিস্থিতিকে ‘ভূমিকম্পের’ সাথে তুলনা করে তিনি সংঘাত ও উত্তেজনার ‘ক্রমবর্ধমান চক্র’ নিয়ে সতর্ক করেছেন। সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে আয়োজিত ‘কাতার ইকোনমিক ফোরাম’-এর এক অনুষ্ঠানে শেখ মোহাম্মদ বলেন, মধ্যপ্রাচ্যের জন্য এমন একটি নিরাপত্তা কাঠামো প্রয়োজন, যেখানে সব রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সম্মান থাকবে এবং কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের জন্য হুমকি হয়ে উঠবে না।

কাতারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও থাকা শেখ মোহাম্মদ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের অর্থনৈতিক প্রভাবকে ‘ভূমিকম্পের’ সাথে তুলনা করেন। তাঁর ভাষায়, এর ‘কম্পন-তরঙ্গ’ মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা সম্পর্কে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

তিনি বলেন, সংকটের সময় নিরাপত্তা ও উত্তেজনা প্রশমনের বিষয়টি আলোচনার কেন্দ্রে থাকত। এরপর আলোচনা গড়াত জ্বালানি সরবরাহ, নৌ চলাচলের পথ, বিনিয়োগ ও ভবিষ্যৎ পরিকল্পনার দিকে। তাঁর মতে, এসব বিষয় মূলত একই সংকটের ভিন্ন প্রকাশ।

কাতারের প্রধানমন্ত্রী বলেন, দেশটি তার অর্থনীতি ও নিরাপত্তার ভিত্তির ওপর আসা কঠিন পরীক্ষা মোকাবিলা করেছে। তবে চলমান সংঘাতের প্রভাব যে কাতারসহ পুরো অঞ্চলে পড়ছে, সেটিও স্বীকার করেন তিনি।

শেখ মোহাম্মদ বলেন, কোনো রাষ্ট্রকে স্থায়ীভাবে নিরাপত্তাহীনতার ঝুঁকিতে রেখে এমন কোনো ব্যবস্থার মাধ্যমে দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য উত্তেজনার মূল কারণগুলো মোকাবিলা এবং পারস্পরিক আস্থা তৈরির ওপর জোর দেন তিনি।

এদিকে, নিউ ইয়র্ক থেকে আল জাজিরার সাংবাদিক ক্রিস্টেন সালুমি জানান, মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে উপসাগরীয় অঞ্চলের নেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন। সেখানে কাতারের প্রধানমন্ত্রীর এই বার্তাও আবার উঠে আসতে পারে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে কাতারের বিনিয়োগ কৌশলেও পরিবর্তনের কথা জানান প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ। আগামী পাঁচ বছরে দেশের অবকাঠামো খাতে ৩৮ বিলিয়ন ডলারের বেশি ব্যয়ের প্রতিশ্রুতি দেন তিনি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই বিনিয়োগের অন্যতম লক্ষ্য বেসরকারি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা এবং চলমান সংকটের মধ্যেও কাতারের ঘুরে দাঁড়ানোর সক্ষমতার বার্তা দেওয়া।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন সোমবার শুরু হয়ে শুক্রবার শেষ হওয়ার কথা। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং এর বৈশ্বিক প্রভাব অধিবেশনের ভাষণ ও কূটনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, রবিবার নিউ ইয়র্কে মার্কিন গণমাধ্যমকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পুনরায় আলোচনা শুরুর লক্ষ্যে কাতারের মধ্যস্থতা প্রচেষ্টা অব্যাহত রয়েছে।