...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাভুক্ত

ইরানি ব্যাংক ‘মিল্লাতের’ লাইসেন্স বাতিল করল তুরস্ক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৪২
Shares
ইরানি ব্যাংক ‘মিল্লাতের’ লাইসেন্স বাতিল করল তুরস্ক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর ক্রমবর্ধমান চাপের মুখে, ইরানের ব্যাংক মিল্লাত-এর ইস্তাম্বুল শাখাটির অপারেটিং লাইসেন্স বা কার্যক্রম পরিচালনার লাইসেন্স বাতিল করেছে তুরস্কের ব্যাংকিং ওয়াচডগ বিডিডিকে। খবর টাইমস অব ইসারায়েল।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সরকারি গেজেটে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আনুষ্ঠানিক ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তেহরানে প্রধান কার্যালয় অবস্থিত ব্যাংক মিল্লাতের ইস্তাম্বুল তুরস্ক সেন্ট্রাল ব্রাঞ্চের অপারেটিং লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই পদক্ষেপে মার্কিন কোনো পদক্ষেপ বা কোনো সুনির্দিষ্ট পরিচালনাগত সমস্যার কথা সরাসরি উল্লেখ করা হয়নি।

বিজ্ঞপ্তিতে ব্যাংকিং আইনের ৭১ (বি) ধারার কথা উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে কোনো প্রতিষ্ঠানের অব্যাহত কার্যক্রম আমানতকারী ও পার্টিসিপেশন ফান্ড হোল্ডারদের অধিকার এবং আর্থিক ব্যবস্থার নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একটি হুমকি হয়ে দাঁড়ায়।

উন্মুক্ত সোর্সভিত্তিক স্যাংশন বা নিষেধাজ্ঞা সংক্রান্ত ডেটাবেজ ‘ওপেনস্যাংশনস’-এর তথ্য অনুযায়ী, তেহরানভিত্তিক এই ব্যাংকটি ইরানের সরকারকে আর্থিক সহায়তা প্রদান করে আসছে এবং এটি যুক্তরাষ্ট্র, ইইউ ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতাভুক্ত। এছাড়া এই ডেটাবেজে ইরানি সরকারকেই ব্যাংকটির বৃহত্তম শেয়ারহোল্ডার হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এর আগে, চলতি মাসের শুরুতে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট চীনের সাথে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের অভিজাত কুদস ফোর্সের বাণিজ্য সহজতর করার অভিযোগে তুরস্কের একটি ছোট বিনিয়োগ ব্যাংক এবং দুটি সাবসিডিয়ারির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ট্রেজারি ডিপার্টমেন্ট আরও জানিয়েছিল যে, ইরানের বিরুদ্ধে মার্কিন পদক্ষেপগুলো মেনে চলার বিষয়ে আলোচনা হওয়ার পর তুরস্ক এবং ওমান তাদের দেশে ইরানি বিমান সংস্থা ‘মহান এয়ার’-এর ফ্লাইট চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।