মালয়েশিয়া থেকে অবৈধভাবে ইন্দোনেশিয়ায় প্রবেশের অভিযোগে আট বাংলাদেশিসহ ১৬ জনকে গ্রেফতার করেছে দেশটির নৌবাহিনী।
ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম জাকার্তা পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার (৩১ আগস্ট) দেশটির পশ্চিমাঞ্চলীয় ডুমাই জেলা থেকে তাদের আটক করা হয়।
নৌবাহিনীর কর্মকর্তা আগুং এন. কুসুমাজির বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, মালয়েশিয়া থেকে রিয়াউ প্রদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে আটজন বাংলাদেশি এবং অপর আটজন ইন্দোনেশিয়ার নাগরিক।
ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছে, দুই ইঞ্জিনবিশিষ্ট একটি স্পিডবোটে করে তারা অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টা করছিলেন। পুর্নামা সমুদ্রসৈকতের জলসীমায় প্রবেশের সময় নৌবাহিনীর সদস্যরা তাদের আটক করেন।
ডুমাই নৌঘাঁটির প্রধান কর্নেল কুসুমাজি জানান, রোববার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের মাধ্যমে অবৈধ অনুপ্রবেশের বিষয়টি জানতে পারে নৌবাহিনী। এরপর পুর্নামা এলাকার জলসীমা ও উপকূলজুড়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।
অভিযানটির নেতৃত্ব দেন ডুমাই নৌঘাঁটির গোয়েন্দা ইউনিটের প্রধান ওয়াহিউ উইদিদি ওয়িদায়াত। তিনটি দলে ভাগ হয়ে অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে নৌঘাঁটির কুইক রেসপন্স টিম, নৌবাহিনীর আঞ্চলিক কমান্ডের (কোডায়েরাল) সামুদ্রিক গোয়েন্দা ইউনিট এবং ফ্লিট কমান্ডের (কোয়ারমাদা) ‘আইয়ের’ ইনটেলমার অপারেশনস টাস্কফোর্স অংশ নেয়।


