...|...|...

বিশ্ব

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৬:১৩ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৩২
Shares
মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার বন ও পিটভূমিতে ছড়িয়ে পড়া দাবানলের বিষাক্ত ধোঁয়ায় মালয়েশিয়ার বায়ুদূষণ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের সেরিয়ান জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, সরকার সার্বক্ষণিক পরিস্থিতির ওপর নজর রাখছে এবং জনগণের সুরক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সেরিয়ানে বায়ুমান সূচক (একিউআই) ৫০০ ছাড়িয়ে যায়। মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী বায়ুদূষণ সূচক ৩০০ ছাড়ালেই তা বিপজ্জনক এবং ৫০০ অতিক্রম করলে জরুরি অবস্থা জারির বিধান রয়েছে।

দাবানলের ধোঁয়া ও ধোঁয়াশা নিয়ন্ত্রণে আনতে যৌথভাবে কৃত্রিম বৃষ্টিপাতের উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। সারাওয়াক অঞ্চলে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) থেকে তিন দিনব্যাপী কৃত্রিম বৃষ্টিপাত ঘটার প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া সরকার।

অন্যদিকে ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র বার্তন পাঞ্জাইতান জানান, ২৬ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ৩৪টি উড়োজাহাজ ব্যবহার করে দাবানলকবলিত এলাকার মাটিতে আর্দ্রতা ফেরাতে কৃত্রিম বৃষ্টিপাত চালানো হয়েছে।