...|...|...

খেলা

টানা দ্বিতীয় ম্যাচে হারল বাংলাদেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৩৪
Shares
টানা দ্বিতীয় ম্যাচে হারল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ কোয়ার্টারে রক্ষণের ভুল ও খেই হারিয়ে হারের বৃত্তেই আটকে রইল জুনিওর হকি দল।

চীনের তিয়ানজিনে রবিবার (৬ সেপ্টেম্বর) জুনিয়র এশিয়া কাপ হকির ‘পুল-বি’র ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরে গেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিক চীনের কাছে ৩-২ ব্যবধানে হেরে আসর শুরু করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের প্রথম কোয়ার্টার গোলশূন্য থাকার পর দ্বিতীয় কোয়ার্টারে দুই মিনিটের ব্যবধানে দুই গোল দিয়ে এগিয়ে যায় মালয়েশিয়া। তবে ২৪তম মিনিটে মোহাম্মদ আব্দুল্লাহর জোরালো হিটে ব্যবধান কমায় বাংলাদেশ। এরপর ৩৩তম মিনিটে চমৎকার রিভার্স হিটে দলকে ২-২ সমতায় ফেরান মাহাদী হাসান।

তবে শেষ কোয়ার্টারে তিন মিনিটের মধ্যে ফাহমি সুজাইনির জোড়া গোলে জয় নিশ্চিত করে মালয়েশিয়া। টানা দুই ম্যাচে হেরে আসরে ব্যাকফুটে চলে গেল বাংলাদেশ।

‘পুল-বি’তে এখনও পয়েন্টের মুখ না দেখা বাংলাদেশ নিজেদের পরের ম্যাচে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কাজাখস্তানের মুখোমুখি হবে।