...|...|...

খেলা

রোহিতের সাথে কোচ-অধিনায়কের সম্পর্ক ছিল না, বললেন গম্ভীর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৫৬
Shares
রোহিতের সাথে কোচ-অধিনায়কের সম্পর্ক ছিল না, বললেন গম্ভীর

ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর মুখ খুলেছেন রোহিত শর্মার সাথে নিজের সম্পর্ক নিয়ে। ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক থাকা অবস্থায় রোহিতের কোচ হিসেবে দায়িত্ব নেন সাবেক এই ক্রিকেটার। গম্ভীরের কোচিংয়ের সময়েই রোহিত নেতৃত্ব হারান এবং পরে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। এ নিয়ে নানা আলোচনার মধ্যে জিয়োস্টারকে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর জানিয়েছেন, রোহিতকে তিনি আগে থেকেই চিনতেন বলে আলাদা করে বোঝাপড়া গড়ে তোলার প্রয়োজন পড়েনি।

গম্ভীর বলেন, রোহিতের সঙ্গে তার সম্পর্ক আসলে কোচ-অধিনায়কের ছিল না। তার ভাষ্য, রোহিত যখন জাতীয় দলে আসেন, তখন তিনি (গম্ভীর) ছিলেন সিনিয়র ক্রিকেটার। সেই সময় একই হোটেলকক্ষে রোহিতের সঙ্গে থেকেছেন তিনি। তখন থেকেই দুজনের সম্পর্ক, আর রোহিতও তখন থেকেই তাকে চেনেন।

গম্ভীর আরও বলেন, বিদেশ থেকে আসা কোনো কোচের মতো তাকে রোহিতের খেলা না দেখে দায়িত্ব নিতে হয়নি, কিংবা নতুন করে বোঝাপড়াও তৈরি করতে হয়নি। রোহিত কেমন খেলোয়াড় এবং কেমন মানুষ, দুটোই তিনি ভালো করে জানেন বলে উল্লেখ করেন।

আগে থেকে পরিচয় থাকায় একসঙ্গে কাজ করা সহজ হয়েছিল বলে জানান গম্ভীর। তার মতে, কারও সঙ্গে খেললে তার ভাবনা কেমন, তা বোঝা যায়। তিনি জানতেন রোহিত কী ভাবছেন, রোহিতও জানতেন তিনি কী ভাবছেন। দুজনের ভাবনা কখনো আলাদা হতে পারে, তবে সবকিছুই ছিল দলের স্বার্থে। দলের ভালো হয়, এটাই সব সময় তার ভাবনায় ছিল বলে জানান ভারতীয় এই কোচ।