...|...|...

খেলা

বিপিএল ফিক্সিং

অভিযুক্ত ৭ ক্রিকেটার-কর্মকর্তার দায় স্বীকার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৩৮
Shares
অভিযুক্ত ৭ ক্রিকেটার-কর্মকর্তার দায় স্বীকার

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফিক্সিং বিতর্কে নতুন মোড় এসেছে। ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত ১০ জনের মধ্যে সাতজন নিজেদের দায় স্বীকার করেছেন। ফলে তাদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অন্যদিকে অভিযোগ অস্বীকার করা বাকি তিনজনের ভাগ্য নির্ধারিত হবে ট্রাইব্যুনালের মাধ্যমে।

বিপিএলের একাদশ আসরে বিভিন্ন সন্দেহজনক কর্মকাণ্ডের পর গত বছরের ফেব্রুয়ারিতে তদন্ত কমিটি গঠন করে বিসিবি। অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেইন হায়দারের নেতৃত্বাধীন ওই কমিটি দীর্ঘ তদন্ত শেষে ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয়।

সেই প্রতিবেদনের ভিত্তিতে বিপিএলের দ্বাদশ আসরের নিলাম থেকে নয় ক্রিকেটারকে বাদ রাখা হয়েছিল। তারা হলেন—এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, সানজামুল ইসলাম, মিজানুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, আরিফুল হক, নিহাদুজ্জামান ও আল আমিন।

তবে বিসিবিতে পরিবর্তনের পর তদন্ত প্রতিবেদন নিয়ে অবস্থানেও বদল আসে। তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ড আগের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনকে সেই গুরুত্ব দেয়নি; যদিও ওই নয় ক্রিকেটারের ওপর বাড়তি নজরদারি রাখা হবে বলে তখন জানিয়েছিলেন বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল কাউন্সেল ব্যারিস্টার মাহিন এম রহমান।

এর মধ্যেই দ্বাদশ বিপিএলে নতুন করে ফিক্সিংয়ের অভিযোগ সামনে আসে। তদন্ত শেষে তিন দফায় এখন পর্যন্ত ১০ জনের নাম প্রকাশ করে বিসিবি। অভিযুক্ত সবাইকে সাময়িক নিষিদ্ধ করার পাশাপাশি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়।

অভিযোগ স্বীকার করা সাতজনের মধ্যে রয়েছেন ক্রিকেটার অমিত মজুমদার, সিলেট টাইটান্সের টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিক, নোয়াখালী এক্সপ্রেসের সহ-মালিক তৌহিদুল হক, চট্টগ্রাম রয়্যালসের লজিস্টিকস ম্যানেজার লাবলুর রহমান, বিসিবির সাবেক লিয়াজোঁ অফিসার জাকির হোসেন এবং চট্টগ্রাম রয়্যালসের মালিক আবদুল কাইয়ুম রাশেদ। বাকি একজনের পরিচয় প্রকাশ করা হয়নি।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন বিসিবির সাবেক পরিচালক মুখলেসুর রহমান শামীম, সাবেক কাউন্সিলর রাকিবুল ইসলাম সানি এবং দুর্বার রাজশাহীর কর্মকর্তা আমিন খান। এই তিনজনের বিরুদ্ধে অভিযোগের নিষ্পত্তি হবে ট্রাইব্যুনালের মাধ্যমে।

তবে ফিক্সিংবিরোধী এই তদন্ত এখানেই থামছে না; আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে বলে জানা গেছে। এত তদন্ত, নিষেধাজ্ঞা ও শাস্তির উদ্যোগের পরও দেশের ক্রিকেট থেকে ফিক্সিং কতটা নির্মূল হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে।

ইন্টেগ্রিটি ইউনিট তদন্ত চালালেও নাম প্রকাশ ও শাস্তি দেওয়ার চূড়ান্ত এখতিয়ার কেবল বিসিবির হাতে থাকায় বোর্ডের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে ক্রিকেটাঙ্গন।