জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) মাঠের আচরণবিধি ভেঙে শাস্তির মুখে পড়েছেন খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়। প্রতিপক্ষ ময়মনসিংহ বিভাগের ক্রিকেটার মাহফিজুল ইসলাম রবিনকে ব্যাট উঁচিয়ে মারতে উদ্যত হওয়ায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। একই ঘটনায় রবিনকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
এনসিএলের পঞ্চম রাউন্ডে খুলনা ও ময়মনসিংহ বিভাগের মধ্যকার ম্যাচের শেষ দিনে ঘটে এই ঘটনা। ১৪০ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট করছিল খুলনা। ইনিংসের দ্বিতীয় ওভারে স্লিপে থাকা রবিন স্ট্রাইকে থাকা আজিজুল হাকিমকে স্লেজিং করলে ক্ষুব্ধ হন নন-স্ট্রাইকে থাকা বিজয়।
একপর্যায়ে ব্যাট উঁচিয়ে রবিনের দিকে তেড়ে যান বিজয়। সতীর্থরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও কিছুক্ষণ পর আবারও তার দিকে ছুটে যান এই ওপেনার। এ সময় প্রতিপক্ষ ফিল্ডারকে অশালীন ভাষায় আক্রমণের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।
ঘটনার পর বিজয়ের বিরুদ্ধে আচরণবিধির লেভেল-টু অভিযোগ আনা হয়। ক্রিকেটের চেতনার পরিপন্থী আচরণ এবং মাঠে অসম্মানজনক পরিস্থিতি তৈরির অভিযোগে ২.১.৩ ধারা প্রয়োগ করা হয়। অপরাধের গুরুত্ব ও পরিস্থিতি অনুযায়ী সংশ্লিষ্ট ক্রিকেটারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ম্যাচ অফিসিয়ালরা।
শুনানিতে নিজের দোষ স্বীকার করেন বিজয়। শাস্তি হিসেবে এক ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে চারটি ডিমেরিট পয়েন্ট। ফলে এনসিএলের পরবর্তী রাউন্ডে খেলতে পারবেন না তিনি।
অন্যদিকে একই ঘটনায় রবিনকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। এ ছাড়া খুলনার অধিনায়ক মোহাম্মদ মিঠুনসহ আরও দুই ক্রিকেটারের বিরুদ্ধেও ওই ম্যাচে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। তবে ম্যাচটি শেষ পর্যন্ত ৮ উইকেটে জিতে নেয় খুলনা।


