পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইকবাল কাসিমের মতে, ভারতের ব্যাটিং তারকা বিরাট কোহলির সাথে নিয়মিত তুলনার কারণে প্রত্যাশার চাপ বাড়ছে বাবর আজমের ওপর। ধারাবাহিকভাবে রান না পাওয়ার পেছনে এটিও একটি কারণ হতে পারে বলে মনে করেন তিনি। পাশাপাশি শর্ট বলের বিপক্ষে বাবরের দুর্বলতা কাটিয়ে ওঠার ওপর গুরুত্ব দিয়েছেন সাবেক এই ক্রিকেটার।
সম্প্রতি সামা টিভির অনুষ্ঠান ‘জোর কা জোর’-এ এসব মন্তব্য করেন ইকবাল কাসিম। সেখানে বাবরের ব্যাটিং ফর্ম, সাম্প্রতিক পারফরম্যান্স এবং অধিনায়কত্ব নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি।
কাসিমের মতে, বাবর একজন বিনয়ী ক্রিকেটার। কিন্তু ভক্তদের প্রত্যাশা তার সামর্থ্যের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে। নতুন ক্রিকেটারদের সাথে কিংবদন্তি খেলোয়াড়দের তুলনা না করার জন্য গণমাধ্যমের প্রতিও আহ্বান জানান তিনি।
বাবরের ব্যাটিংয়ের দুর্বলতা তুলে ধরে কাসিম বলেন, কোনো ব্যাটার ভালো পারফরম্যান্স করলে প্রতিপক্ষ দল তার খেলার ধরন বিশ্লেষণ করে দুর্বল জায়গা খুঁজে বের করার চেষ্টা করে। বাবরের ক্ষেত্রেও সেটি হয়েছে। বিশেষ করে শর্ট বলের বিপক্ষে তার সমস্যার বিষয়টি প্রতিপক্ষ বোলাররা বুঝে গেছে।
তার মতে, সামনের ম্যাচগুলোতে বোলাররা বাবরকে বাউন্সার দিয়ে চাপে ফেলার চেষ্টা করতে পারেন। তাই ব্যাটিংয়ে ধারাবাহিকতা ফেরাতে হলে শর্ট বল মোকাবিলার দুর্বলতা কাটিয়ে ওঠার দিকে মনোযোগ দিতে হবে এই পাকিস্তানি ব্যাটারকে।
তবে ব্যাটিংয়ে ছন্দহীনতা থাকলেও অধিনায়ক হিসেবে বাবরের প্রশংসা করেছেন কাসিম। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে তার কৌশলগত সিদ্ধান্ত ও ফিল্ডিং সাজানোর দক্ষতা ভালো ছিল বলে মনে করেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার।


