...|...|...

খেলা

সাংবাদিকদের বিপক্ষে ফুটবল খেলতে গিয়ে আহত মামদানি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, সকাল ১১:২৯
Shares
সাংবাদিকদের বিপক্ষে ফুটবল খেলতে গিয়ে আহত মামদানি

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ফুটবল খেলতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন। প্রীতি ম্যাচে সিটি হলের সাংবাদিকদের বিপক্ষে খেলতে নেমে তার অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে গেছে। এ চোটের কারণে অন্তত ছয় থেকে আট সপ্তাহ মেডিকেল বুট পরে থাকতে হবে তাকে। ফুটবল মাঠে ফিরতে অপেক্ষা করতে হবে প্রায় নয় মাস।

শুক্রবার (২০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ক্রাচে ভর দিয়ে হাজির হয়ে নিজের চোটের বিষয়টি নিশ্চিত করেন ৩৫ বছর বয়সী মামদানি। তিনি জানান, বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের বিপক্ষে ফুটবল খেলার সময় এ ঘটনা ঘটে। পর্যাপ্ত ওয়ার্ম-আপ না করাকে চোটের অন্যতম কারণ মনে করছেন তিনি। এ প্রসঙ্গে মামদানি বলেন, ‘আমি স্ট্রেচ করিনি।’

ফুটবলের প্রতি প্রবল আগ্রহ রয়েছে মামদানির। তাই মাঠে নেমেই গোল করার আনন্দে বয়সের কথা ভুলে গিয়েছিলেন বলে জানান তিনি। মামদানি বলেন, ‘মাঠে নেমেই আমি একটা গোল করি। আর ভুলে গিয়েছিলাম যে আমার বয়স ৩৫।’ তবে গোল করার কিছুক্ষণ পরই অ্যাকিলিস টেন্ডনে চোট পান তিনি। ফলে দীর্ঘ সময়ের জন্য ফুটবল থেকে দূরে থাকতে হবে তাকে।

ম্যানহাটানের ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি ইনডোর ফুটবল কেন্দ্রে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে এক দলে ছিলেন মেয়রের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা, অন্য দলে অংশ নেন প্রায় দুই ডজন সাংবাদিক। সন্ধ্যা সাতটায় খেলা শুরু হলেও মাঠে পৌঁছানোর পর কিছুক্ষণ বিরতি দিয়ে খেলায় যোগ দেন মামদানি।

ছোট ইনডোর মাঠে সাতজনের দলে অনুষ্ঠিত হয়। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বলের পেছনে দৌড়াতে গিয়ে চোট পান মামদানি। অন্য কোনো খেলোয়াড়ের সাথে সংঘর্ষের কারণে এ ঘটনা ঘটেনি।

রাজনীতির বাইরে ফুটবলপ্রেমী হিসেবেও পরিচিত মামদানি। সুযোগ পেলেই মাঠে নামেন তিনি। ইংলিশ ক্লাব আর্সেনাল তার প্রিয় দল। দলটির প্রতি ভালোবাসার প্রকাশও দেখা গেছে বিভিন্ন সময়ে। সবশেষ ঈদের নামাজে আর্সেনালের জার্সির আদলে তৈরি পাঞ্জাবি পরেও হাজির হয়েছিলেন তিনি। তবে এবার সেই প্রিয় খেলাই তাকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে পাঠিয়ে দিল।