...|...|...

খেলা

স্যান্ডপেপার বিতর্কে স্বস্তি, অধিনায়কত্ব ধরে রাখলেন কামিন্স

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, সকাল ১০:৪৩
Shares
স্যান্ডপেপার বিতর্কে স্বস্তি, অধিনায়কত্ব ধরে রাখলেন কামিন্স

প্যাট কামিন্স। ছবি: সংগৃহীত

স্যান্ডপেপার-কাণ্ড ঘিরে নতুন করে বিতর্কের মধ্যে পড়লেও অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কত্ব ধরে রাখছেন প্যাট কামিন্স। তার নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বোর্ডের সভায় সর্বসম্মত সমর্থন পাওয়ায় দুই সংস্করণেই অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন এই পেসার।

শুক্রবার (২০ নভেম্বর) সিডনিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড বুন ও প্রধান নির্বাহী টড গ্রিনবার্গের সাথে বৈঠক করেন কামিন্স। বৈঠকে চলমান বিতর্ক, তার শারীরিক ও মানসিক সুস্থতা এবং সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে আলোচনা হয়। শনিবার এক বিবৃতিতে কামিন্সের অধিনায়কত্ব অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

বৈঠক শেষে কামিন্স জানান, বর্তমান পরিস্থিতিতে বোর্ডের সাথে এই আলোচনা তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। অস্ট্রেলিয়ার অধিনায়কত্বকে বড় দায়িত্ব হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়া অনেক বড় দায়িত্বের বিষয়। আমি কখনোই এই দায়িত্বকে হালকাভাবে নিইনি, ভবিষ্যতেও নেব না।’

কঠিন পরিস্থিতিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার দায়িত্ব পালনের বিষয়টিও তুলে ধরেন কামিন্স। তিনি বলেন, ডেভিড বুন ও টড গ্রিনবার্গ তার পাশাপাশি ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে থাকা খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথেও যোগাযোগ করেছেন। এ উদ্যোগের প্রশংসা করে তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এদিকে স্যান্ডপেপার-কাণ্ডের বিতর্কের পূর্ণাঙ্গ সমাধানে স্বাধীন ফোরাম গঠনের উদ্যোগ নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানে নিজের বক্তব্য তুলে ধরার কথা জানিয়েছেন কামিন্স। তার ভাষায়, ‘আমি এই ফোরামকে শতভাগ সমর্থন করি। সেখানে আমি উপস্থিত থাকব। যেসব খেলোয়াড় ও কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে, তারাও নিজেদের বক্তব্য তুলে ধরতে সেখানে যেতে আগ্রহী। অনেক কঠিন আলোচনা হবে। তবে এই মুহূর্তে সেটাই প্রয়োজন।’

তবে আপাতত তার মূল মনোযোগ নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ। পার্থে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়াই এখন তার অগ্রাধিকার বলে জানিয়েছেন কামিন্স।

ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড বুনও দলের অধিনায়কের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, কঠিন সময় থেকে অস্ট্রেলিয়ার ক্রিকেটকে দায়িত্বশীলতা ও ধৈর্যের সাথে এগিয়ে নিতে চায় বোর্ড। একইসাথে সংশ্লিষ্ট সবার অভিজ্ঞতা ও বক্তব্য শুনে অতীত থেকে শিক্ষা নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে তারা।

বুন আরও জানান, স্বাধীন ফোরামে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিজেদের অভিজ্ঞতা তুলে ধরতে উৎসাহিত করা হচ্ছে। যথাসময়ে ওই ফোরামের কার্যপরিধি ও শর্তাবলি প্রকাশ করা হবে।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতির অভিযোগে স্যান্ডপেপার-কাণ্ডে তীব্র সমালোচনার মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। ওই ঘটনায় স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারসহ দলের কয়েকজন ক্রিকেটার শাস্তির মুখে পড়েন। সাম্প্রতিক সময়ে সেই ঘটনা ঘিরে আবারও আলোচনা শুরু হয়েছে।

২০২১ সালে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কত্ব পান কামিন্স। তার নেতৃত্বেই ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতে অস্ট্রেলিয়া। বর্তমান বিতর্কের মধ্যেও তার সততা নিয়ে ওঠা যেকোনো প্রশ্ন সরাসরি প্রত্যাখ্যান করেছেন ডেভিড বুন। তিনি জানান, ২০১৮ সালের ঘটনায় প্রভাবিত সবার প্রতি বোর্ডের উদ্বেগ রয়েছে। একইসাথে গত আট বছরে কামিন্স ও দলের অন্য নেতারা যে সংস্কৃতি গড়ে তুলেছেন, তা নিয়ে গর্বিত ক্রিকেট অস্ট্রেলিয়া।