...|...|...

খেলা

ইন্দোনেশিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৪০
Shares
ইন্দোনেশিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসের পুরুষ হকিতে শুরুর দুই ম্যাচের ধাক্কা কাটিয়ে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার পর এবার ইন্দোনেশিয়াকেও হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ৩–১ গোলের এই জয়ে আবারও আলো ছড়িয়েছেন আমিরুল ইসলাম। আগের ম্যাচের মতো এবারও জোড়া গোল করেছেন তিনি।

শনিবার জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’ এর ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা বাংলাদেশ ১১তম মিনিটেই আমিরুল ইসলামের গোলে এগিয়ে যায়। এরপর পুরো ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রেখে শেষ পর্যন্ত ৩–১ গোলের জয় তুলে নেয় তারা।

প্রথম কোয়ার্টারে গোল পাওয়ার পর দ্বিতীয় কোয়ার্টারে আর কোনো গোল করতে পারেনি কোনো দল। ফলে ১–০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর অবশ্য আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান আমিরুল ইসলাম। ৩১তম মিনিটে তার গোলে স্কোরলাইন দাঁড়ায় ২–০।

এর পাঁচ মিনিট পর বাংলাদেশের হয়ে তৃতীয় গোলটি করেন রাসেল মাহমুদ জিমি। এতে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্তভাবে নিজেদের হাতে নেয় বাংলাদেশ।

চতুর্থ কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে একটি গোল শোধ করে ইন্দোনেশিয়া। আওউলিয়া আল আরদের নেওয়া শটে ব্যবধান কমে ৩–১ হয়। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় দুই গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

এশিয়ান গেমসে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় জয়। এর আগে শ্রীলঙ্কাকে ৫–১ গোলে হারিয়েছিল তারা। তবে টুর্নামেন্টের শুরুটা ছিল কঠিন। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫–০ এবং দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জাপানের কাছে ৬–১ গোলে হেরেছিল বাংলাদেশ।

চার ম্যাচে দুই জয় নিয়ে বাংলাদেশের সংগ্রহ এখন ৬ পয়েন্ট। পুল ‘এ’-এর পয়েন্ট তালিকায় তারা রয়েছে চতুর্থ স্থানে। তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সোমবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। পরের পর্বে জায়গা করে নিতে ওই ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।