ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার জবাবে আর্জেন্টিনার নৌ ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে তেহরান। আর্জেন্টিনার আগের সিদ্ধান্তের সরাসরি পাল্টা ব্যবস্থা হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (১১ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আর্জেন্টিনা আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি লঙ্ঘন করেছে। ইরানের দাবি, আইআরজিসি দেশটির সরকারি সশস্ত্র বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ।
এর জবাবে ‘পারস্পরিকতার নীতি’ অনুসরণ করে আর্জেন্টিনার নৌ ও বিমান বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। তবে আর্জেন্টিনার স্থলবাহিনীকে এ ঘোষণার আওতায় আনা হয়নি।
তেহরান জানিয়েছে, ২০১৯ সালে পাস হওয়া ‘আইআরজিসিকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা’ সংক্রান্ত আইনের ভিত্তিতেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই আইনে বলা হয়েছে, যেসব দেশ আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত অনুসরণ বা সমর্থন করবে, তাদের বিরুদ্ধে ইরান পাল্টা ব্যবস্থা নিতে পারবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, এ সিদ্ধান্ত থেকে উদ্ভূত যেকোনো পরিণতির দায় আর্জেন্টিনা সরকারকেই বহন করতে হবে।
এর আগে আর্জেন্টিনা আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মিত্র দেশগুলোর ওপর আইআরজিসির বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেওয়ার চাপ বাড়ানোর পর বুয়েনস এইরেস এ সিদ্ধান্ত নেয়।
আর্জেন্টিনার দাবি, লেবাননভিত্তিক হিজবুল্লাহকে সহায়তা দেয় আইআরজিসি। বুয়েনস এইরেস হিজবুল্লাহকে ১৯৯৪ সালে রাজধানীর এএমআইএ ইহুদি কমিউনিটি সেন্টারে ভয়াবহ বোমা হামলার জন্য দায়ী করে আসছে। ওই হামলায় ৮৫ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হন।
তবে ইরান আর্জেন্টিনার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে আসছে। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের রাজনৈতিক চাপের প্রভাবেই বুয়েনস এইরেস আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।
পাল্টাপাল্টি এসব পদক্ষেপের ফলে ইরান ও আর্জেন্টিনার মধ্যে আগে থেকেই চলমান কূটনৈতিক টানাপোড়েন আরও তীব্র হলো। তবে আর্জেন্টিনার নৌ ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার বাস্তব ও কার্যকর প্রভাব কী হবে, তা এখনও পরিষ্কার নয়।


