...|...|...

ধর্ম

আমলের বিনিময়ে কি জান্নাত, নাকি আল্লাহর রহমতেই মুক্তি?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, রাত ১:১১
Shares
আমলের বিনিময়ে কি জান্নাত, নাকি আল্লাহর রহমতেই মুক্তি?

ছবি: সংগৃহীত

মানুষের জীবনে ইবাদত, সৎকর্ম ও নেক আমলের গুরুত্ব অপরিসীম। তবে শুধু নিজের আমলের ওপর নির্ভর করে জান্নাত লাভের নিশ্চয়তা কারও নেই। ইসলামের শিক্ষা অনুযায়ী, জান্নাতে প্রবেশ মূলত মহান আল্লাহর রহমত ও অনুগ্রহের ওপর নির্ভরশীল। মানুষের আমল জান্নাত লাভের পথ তৈরি করে, আর আল্লাহর দয়া সেই পথকে সহজ করে দেয়।

এ বিষয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সাহাবিদের সতর্ক করে জানিয়েছেন, কেবল আমলের জোরে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না; বরং আল্লাহর রহমতই হবে মুক্তির প্রধান অবলম্বন।

আল্লাহর অসীম দয়ার বিষয়টি হাদিসে কুদসিতেও স্পষ্টভাবে উঠে এসেছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ তাআলা সৃষ্টির শুরুতেই লিখে রেখেছেন-

‘নিশ্চয়ই আমার রহমত আমার ক্রোধের ওপর প্রাধান্য বিস্তার করেছে।’ (সহিহ বুখারি: ৭৫৫৩; সহিহ মুসলিম: ২৭৫১)

এই বাণী মুমিনের মনে আল্লাহর প্রতি আশা ও ভরসা জাগায়। বান্দা ভুল-ত্রুটি করার পর অনুতপ্ত হয়ে তওবা করলে আল্লাহর ক্ষমা ও দয়া লাভের সুযোগ রয়েছে।

কেয়ামতের দিন হবে নিখুঁত বিচার

ইসলামের বিশ্বাস অনুযায়ী, কেয়ামতের দিন প্রত্যেক মানুষের আমল ও কাজের হিসাব নেওয়া হবে। সেদিন কারও প্রতি সামান্যতম অবিচারও করা হবে না। মানুষের ভালো-মন্দ প্রতিটি কাজের যথাযথ মূল্যায়ন করা হবে।

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন-

‘কেয়ামতের দিন আমি ন্যায়বিচারের পাল্লা স্থাপন করব। সুতরাং কারও প্রতি বিন্দুমাত্র অবিচার করা হবে না। কোনো কাজ সরিষার দানা পরিমাণ হলেও আমি তা সামনে হাজির করব। হিসাব গ্রহণের জন্য আমিই যথেষ্ট।’ (সুরা আল-আম্বিয়া, আয়াত: ৪৭)

অর্থাৎ মানুষের প্রতিটি কাজ আল্লাহর কাছে সংরক্ষিত থাকবে। একই সাথে তার বিচার হবে পূর্ণ ন্যায়বিচার ও প্রজ্ঞার ভিত্তিতে।

পাপ গোপন রেখে ক্ষমা করবেন আল্লাহ

মুমিন বান্দার প্রতি আল্লাহর দয়ার একটি চমৎকার দৃষ্টান্ত পাওয়া যায় রাসুলুল্লাহ (সা.)-এর একটি হাদিসে।

হজরত সাফওয়ান ইবনে মুহরিজ (রহ.) থেকে বর্ণিত, তিনি ইবনে ওমর (রা.)-এর কাছে আল্লাহর সাথে বান্দার গোপন কথোপকথন সম্পর্কে জানতে চান। তখন ইবনে ওমর (রা.) রাসুলুল্লাহ (সা.)-এর একটি বাণী তুলে ধরেন।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কেয়ামতের দিন মুমিনকে তার রবের নিকটবর্তী করা হবে। আল্লাহ তাকে তার পাপের কথা স্মরণ করিয়ে দিয়ে জিজ্ঞাসা করবেন, সে এসব অপরাধ সম্পর্কে জানে কি না। বান্দা নিজের অপরাধ স্বীকার করলে আল্লাহ বলবেন, দুনিয়াতে আমি তোমার এসব পাপ গোপন রেখেছিলাম, আর আজ সেগুলো ক্ষমা করে দিলাম। এরপর তাকে তার নেক আমলের আমলনামা দেওয়া হবে।

(সহিহ বুখারি: ২৪৪০; সহিহ মুসলিম: ২৭৬৮)

আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না

মানুষের জীবনে ভুল ও পাপ হতে পারে। কিন্তু সেই অপরাধের কারণে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া ইসলামের শিক্ষা নয়। বরং পাপের পর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসা এবং ক্ষমা প্রার্থনা করাই মুমিনের কর্তব্য।

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা তার বান্দাদের উদ্দেশে বলেন-

‘হে আমার বান্দারা! তোমরা যারা নিজেদের ওপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা আয-যুমার, আয়াত: ৫৩)

বান্দার তওবা ও আল্লাহর ক্ষমার বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া বাহন ফিরে পেয়ে একজন মানুষ যতটা আনন্দিত হয়, বান্দা তওবা করে আল্লাহর কাছে ফিরে এলে আল্লাহ তার চেয়েও বেশি সন্তুষ্ট হন।

(সহিহ বুখারি: ৬৩০৯; সহিহ মুসলিম: ২৭৪৭)

বেশি বেশি জিকির ও ইস্তিগফারের গুরুত্ব

আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম উপায় হলো নিয়মিত জিকির, ইবাদত ও ক্ষমা প্রার্থনা করা। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, প্রত্যেক ফরজ নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৩ বার আল্লাহু আকবার পাঠ করলে গুনাহ ক্ষমা করা হয়, যদিও তা সমুদ্রের ফেনার সমান হয়।

(সহিহ মুসলিম: ৫৯৭)

এ ছাড়া আল্লাহর ক্ষমার ব্যাপকতা সম্পর্কে হজরত আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেন-

‘হে আদম সন্তান! তোমার পাপ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, এরপর তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা কর, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। হে আদম সন্তান! তুমি যদি পৃথিবী পরিমাণ পাপ নিয়েও আমার কাছে আসো, অথচ আমার সাথে কাউকে শরিক না করো, তাহলে আমিও পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব।’

(জামে তিরমিজি: ৩৫৪০)

আমল করতে হবে, ভরসা রাখতে হবে আল্লাহর রহমতে

ইসলামের দৃষ্টিতে জান্নাত লাভের জন্য ঈমান, ইবাদত, নেক আমল ও আল্লাহর আনুগত্য অপরিহার্য। তবে নিজের আমলকে জান্নাতের নিশ্চিত মূল্য মনে করার সুযোগ নেই। আমল করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, পাপ থেকে বেঁচে থাকতে হবে এবং সবসময় তার ক্ষমা ও অনুগ্রহ কামনা করতে হবে।