...|...|...

ধর্ম

অন্ধকার কবরে প্রথম রাত: কী ঘটে একজন মৃত মানুষের সাথে?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, বিকেল ৩:২০
Shares
অন্ধকার কবরে প্রথম রাত: কী ঘটে একজন মৃত মানুষের সাথে?

ছবি: সংগৃহীত

মৃত্যু অনিবার্য এক সত্য। পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর প্রতিটি মানুষকে মুখোমুখি হতে হয় এক নতুন জগতের। মৃত্যুর পরবর্তী প্রথম রাত বা কবরের জীবন নিয়ে বিভিন্ন ধর্মে নানা ধারণা প্রচলিত থাকলেও, ইসলাম ধর্মে এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট ও বিস্তারিত দিকনির্দেশনা রয়েছে। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে চলুন জেনে নেওয়া যাক, কবরে একজন মানুষের সাথে প্রথম রাতে কী ঘটে।

বরজখ ও পরকালের প্রথম মনজিল

ইসলামের পরিভাষায় দুনিয়া ও আখেরাতের মধ্যবর্তী সময়কে ‘বরজখ’ বলা হয়, যা শুরু হয় মৃত্যুর পর থেকে কেয়ামত পর্যন্ত স্থায়ী থাকে। রাসুলুল্লাহ (সা.) কবরকে ‘পরকালের প্রথম মনজিল’ বা ঘাটি হিসেবে অভিহিত করেছেন। হাদিসে এসেছে, কেউ যদি এই প্রথম ধাপে মুক্তি পেয়ে যায়, তবে তার পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যায়। এই ভয়াবহতার কথা স্মরণ করেই খলিফা উসমান (রা.) কবরের পাশে দাঁড়ালে অঝোরে কাঁদতেন।

দাফন ও জুতার শব্দ

মৃত ব্যক্তিকে দাফন করার পর স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা যখন কবরস্থান ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেন, ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হয় নতুন এক অধ্যায়। হাদিস অনুযায়ী, মৃত ব্যক্তি প্রস্থানরত মানুষের জুতার আওয়াজ পরিষ্কার শুনতে পান। এরপরই শুরু হয় পরকালের প্রাথমিক জিজ্ঞাসাবাদ।

কবরের চাপ

হাদিসে কবরের ভীতিকর এক অভিজ্ঞতার কথা বলা হয়েছে, যাকে ‘কবরের চাপ’ বলা হয়। সুনানে নাসায়ির একটি হাদিসে উল্লেখ আছে-রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কবরের একটি নির্দিষ্ট চাপ রয়েছে; যদি কেউ এই চাপ থেকে রক্ষা পেত, তবে মহান সাহাবি সাদ ইবনে মুয়াজ (রা.) পেতেন। অথচ রাসুল (সা.)-এর ইন্তেকালের সময় আসমান কেঁপে উঠেছিল এবং তার জানাজায় ৭০ হাজার ফেরেশতা অংশ নিয়েছিলেন, এমন মর্যাদাবান ব্যক্তিত্বের ক্ষেত্রেও এই কঠিন বাস্তবতার কথা বলা হয়েছে।

মুনকার ও নাকিরের জিজ্ঞাসাবাদ

কবরে দাফন সম্পন্ন হওয়ার পর মুনকার ও নাকির নামক দুই ফেরেশতা আগমন করেন। হাদিসে বর্ণিত হয়েছে, তারা মৃত ব্যক্তিকে বসিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে তিনটি মৌলিক প্রশ্ন করেন:
১. তোমার রব (প্রতিপালক) কে?
২. তোমার ধর্ম কী?
৩. তোমাদের নিকট প্রেরিত ব্যক্তি (মহানবী হজরত মুহাম্মদ সা.) সম্পর্কে তোমার ধারণা কী?

এই প্রশ্নগুলোর উত্তর কেবল দুনিয়ার ঠুটো মুখস্থ বিদ্যা দিয়ে দেওয়া সম্ভব নয়। একমাত্র পার্থিব জীবনে যার আমল, বিশ্বাস ও ইমান পাকা ছিল, কেবল সেই ব্যক্তিকেই আল্লাহ তাআলা সঠিক উত্তর দেওয়ার তাওফিক দান করেন। সুরা ইব্রাহিমের ২৭ নম্বর আয়াতে আল্লাহ মুমিনদের এই কঠিন মুহূর্তে অবিচল রাখার সুসংবাদ দিয়েছেন।

নেক আমলই একমাত্র সম্বল

সেই নিঃসঙ্গ ও অন্ধকার প্রকোষ্ঠে দুনিয়ার কোনো আপনজন পাশে থাকে না। হাদিসে বলা হয়েছে, মানুষের নামাজ, রোজা, জাকাত, দান-সদকা এবং অন্যান্য সৎকর্ম তখন তার রক্ষাকবচ হয়ে দাঁড়ায়। দুনিয়ার জীবনের ছোটোখাটো ভালো কাজগুলোই ওই বিপদের দিনে সবচেয়ে বড় সান্ত্বনা ও সহায় হয়ে ওঠে।

জান্নাতের বাগান নাকি জাহান্নামের গর্ত?

প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে মৃত ব্যক্তির কবর প্রশস্ত ও আলোকিত করে দেওয়া হয় এবং তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। পক্ষান্তরে, যারা উত্তর দিতে ব্যর্থ হন, তাদের জন্য নেমে আসে কঠিন আজাব। তিরমিজির এক হাদিসে নবিজি (সা.) বলেছেন, কবর হয় জান্নাতের টুকরাগুলোর একটি, নতুবা জাহান্নামের গর্তগুলোর একটি।

জীবিতদের দায়িত্ব

মৃত ব্যক্তির আত্মার শান্তি ও মুক্তির জন্য জীবিত স্বজনদের কিছু দায়িত্ব রয়েছে। দাফন শেষে মৃত ব্যক্তির জন্য ক্ষমা (মাগফিরাত) ও মুনকার-নাকিরের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে অবিচলতার জন্য দোয়া করতে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন রাসুলুল্লাহ (সা.)। কারণ এই সময়ে মৃত ব্যক্তির জন্য জীবিতের দোয়া অত্যন্ত ফলপ্রসূ হয়।