...|...|...

বিশ্ব

অস্ট্রেলিয়ায় বেকারত্বের হার ৫ বছরের মধ্যে সর্বোচ্চ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৫৮
Shares
অস্ট্রেলিয়ায় বেকারত্বের হার ৫ বছরের মধ্যে সর্বোচ্চ

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় আগস্টে প্রত্যাশার চেয়ে বেশি কর্মসংস্থান হলেও শ্রমবাজারে নতুন মানুষের সংখ্যা বাড়ায় বেকারত্বের হার বেড়ে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স ও অস্ট্রেলিয়ার পরিসংখ্যান ব্যুরোর (এবিএস) প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, জুলাইয়ে ১৫ হাজার ৮০০টি চাকরি কমার পর আগস্টে দেশটিতে নতুন করে ৩৯ হাজার ৫০০টি কর্মসংস্থান তৈরি হয়েছে—যা ২০ হাজারের বাজারের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে।

তবে এর মধ্যে পূর্ণকালীন চাকরি কমেছে ৬ হাজার ৩০০টি। একই সময়ে শ্রমবাজারে অংশগ্রহণ বেড়ে ৬৭.১ শতাংশে পৌঁছানোয় আগস্টে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৪.৬ শতাংশে। ২০২১ সালের শেষ দিকের পর এটিই দেশটিতে সর্বোচ্চ।

কর্মসংস্থানের এই তথ্যের পর বাজারে প্রভাব পড়েছে; বৃহস্পতিবার অস্ট্রেলীয় ডলারের দর ০.২ শতাংশ কমে ০.৭০২৬ মার্কিন ডলারে নেমেছে, যা সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।

শ্রমবাজারের এই মিশ্র চিত্র সত্ত্বেও অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াতে পারে বলে জোরালো গুঞ্জন রয়েছে। আগামী সপ্তাহে সংস্থাটি সুদের হার ৪.৩৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪.৬ শতাংশ করতে পারে বলে ৯৫ শতাংশ সম্ভাবনা ধরে নিচ্ছে বাজার। এটি বাস্তবায়ন হলে চলতি বছরে চতুর্থ দফায় সুদের হার বাড়বে।

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মিশেল বুলক জানান, বেকারত্বের হার ৪.৫ থেকে ৫ শতাংশের মধ্যে থাকলে তা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। দেশটির মূল মূল্যস্ফীতি বর্তমানে ৩.৬ শতাংশ, যা ২-৩ শতাংশের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।

মধ্যপ্রাচ্যের সংঘাত, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ানো ও তথ্যকেন্দ্রে বিনিয়োগ বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি চাপে থাকতে পারে বলে সতর্ক করেছেন গভর্নর। পরিস্থিতি বিবেচনায় দেশটিতে সুদের হার সর্বোচ্চ ৫.১ শতাংশ পর্যন্ত উঠতে পারে বলে বাজারে পূর্বাভাস দেওয়া হচ্ছে।