...|...|...

খেলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, রাত ১:০৫
Shares
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল

অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ছবি: সংগৃহীত

সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। 

সোমবার (২ নভেম্বর) ক্রিকেটবিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ‘ক্রিকইনফো’ খবরটি নিশ্চিত করেছে।

অস্ট্রেলিয়ার হয়ে দীর্ঘ ও রঙিন ক্যারিয়ারের ইতি টানার মাধ্যমে এই অজি তারকা আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ থেকে নিজেকে সরিয়ে নিলেন। এর আগে গত বছরের জুনে একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন ম্যাক্সওয়েল। গত অক্টোবরেই জীবনের ৩৯তম বছরে পা রাখেন বিধ্বংসী এই ব্যাটার।

২০১২ সালে ২৩ বছর বয়সে অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে ওয়ানডেতে অভিষেক হয়েছিল তার। অস্ট্রেলীয় জার্সিতে ১৪৯টি ওডিআই ম্যাচ খেলে ৩৩.৮১ গড়ে এবং ১২৬.৭০ স্ট্রাইক রেটে ৩,৯৯০ রান সংগ্রাহ করেছেন তিনি। লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে নেমে হাঁকিয়েছেন ৪টি শতক ও ২৩টি অর্ধশতক। ওয়ানডেতে অফ স্পিনে ৭৭টি উইকেট শিকারের পাশাপাশি দুর্দান্ত ফিল্ডিংয়ে ধরেছেন ৯১টি ক্যাচ।

২০২৩ বিশ্বকাপের মঞ্চে আফগানিস্তানের বিরুদ্ধে তার অপরাজিত ২০১ রানের একা লড়াইয়ের অবিশ্বাস্য ইনিংসটিকে অনেকেই ওডিআই ইতিহাসের সর্বকালের সেরা ইনিংস মনে করেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটেও তিনি ছিলেন সমান উজ্জ্বল। দেশের হয়ে ১৩০টি টি-টোয়েন্টি ম্যাচে ২৮.৯৭ গড়ে তিনি করেছেন মোট ২,৮৯৭ রান, যেখানে তার সর্বোচ্চ সংগ্রহ অপরাজিত ১৪৫ রান।

সাদা পোশাকের টেস্ট ক্রিকেটে অবশ্য খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি; ৭ টেস্টে ২৬.০৭ গড়ে তার সংগ্রহ ৩৩৯ রান, যেখানে একটি শতকসহ (১০৪) ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস রয়েছে।