অভিনয় দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির এবার নিজের প্রতিভা মেলে ধরলেন গানের ভুবনে। অভিনয়ের পরিচিত পরিসর ছাড়িয়ে সংগীতশিল্পী হিসেবে নতুন যাত্রা শুরু করেছেন তিনি। ‘পাবলো’ নামের প্রথম গান প্রকাশের মধ্য দিয়ে ক্যারিয়ারে যুক্ত করেছেন নতুন এক অধ্যায়।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত (৯ সেপ্টেম্বর) হানিয়ার প্রথম গান ‘পাবলো’ প্রকাশিত হয়। পাঞ্জাবি র্যাপধর্মী গানটির কথা ও সুর নিজেই তৈরি করেছেন তিনি। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গানটি প্রকাশ করেন এই অভিনেত্রী।
‘পাবলো’ শুধু একটি গান নয়, এর মাধ্যমে নিজের সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা বিভিন্ন আলোচনা ও সমালোচনারও জবাব দিয়েছেন হানিয়া। গানের কথায় তাকে ‘ভুয়া’ বলে সমালোচনা করা ব্যক্তিদের প্রসঙ্গ যেমন এসেছে, তেমনি তার বিপুলসংখ্যক ভক্ত ও অনুসারীদের কথাও তুলে ধরা হয়েছে।
গানের কথায় স্পষ্ট, নেতিবাচক মন্তব্য নিয়ে খুব একটা বিচলিত নন হানিয়া। সমালোচকদের কথাকে গুরুত্ব না দিয়ে নিজের মতো করে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাসী বার্তাই দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে তৈরি হওয়া নানা মন্তব্যকে নিজের গানের ভাষায় তুলে ধরেছেন অভিনেত্রী।
এদিকে ‘পাবলো’ গানে বিশেষ উপস্থিতি রয়েছে ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্তের। হানিয়াকে উদ্দেশ করে ভালোবাসা ও সাহস জোগানোর পাশাপাশি তাকে দুশ্চিন্তা না করার পরামর্শ দিয়েছেন রাখি।
হানিয়ার প্রশংসা করে রাখি তাকে স্বর্গের কন্যার সাথে তুলনা করেন এবং তার সৌন্দর্য নিয়ে যারা ঈর্ষান্বিত, তাদের কথায় কান না দেওয়ার আহ্বান জানান। একই সাথে হানিয়াকে ‘সিংহী’ আখ্যা দিয়ে সমালোচকদের মোকাবিলা করে সাহসের সাথে এগিয়ে যাওয়ার বার্তাও দেন তিনি।
প্রথম গানেই রাখি সাওয়ান্তের উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে নানা আলোচনা। অনেকেই এটিকে অপ্রত্যাশিত সহযোগিতা হিসেবে দেখছেন। সব মিলিয়ে অভিনয়ের পাশাপাশি সংগীতে হানিয়ার নতুন যাত্রা প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে।


