...|...|...

বিনোদন

মস্তিষ্কের টিউমারের কঠিন লড়াই পেরিয়ে অভিনয়ে ফেরার অপেক্ষায় তানিয়া

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, সকাল ১০:১১
Shares
মস্তিষ্কের টিউমারের কঠিন লড়াই পেরিয়ে অভিনয়ে ফেরার অপেক্ষায় তানিয়া

জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি মস্তিষ্কের টিউমারের মতো এক কঠিন লড়াই পেরিয়ে দীর্ঘ চিকিৎসা ও বিশ্রামের পর অবশেষে নিজের শারীরিক অবস্থার কথা প্রকাশ্যে এনেছেন।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে ফেসবুক লাইভে আসেন তানিয়া বৃষ্টি। সেখানে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিয়ে তিনি জানান, ‘অসুস্থ ছিলাম। এখন অনেকটা ভালো আছি। কেমো থেরাপি চলছে। ছয় মাসের মধ্যে তিন মাস শেষ হলো, এখন চতুর্থ মাসের কেমো চলছে।’

তানিয়া আরও জানান, আরও দুই মাস কেমোথেরাপি চলার পর কিছু নতুন পরীক্ষা করানো হবে এবং সেই রিপোর্টের ওপর ভিত্তি করে চিকিৎসকরা তার পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

বর্তমানে মানসিক প্রশান্তির খোঁজে ঢাকার পার্শ্ববর্তী একটি রিসোর্টে ঘুরতে গেছেন তানিয়া বৃষ্টি। গ্রামীণ আবহের শান্ত ও স্নিগ্ধ পরিবেশে থেকে তিনি নিজেকে মানসিকভাবে চাঙ্গা করে তোলার চেষ্টা করছেন। দীর্ঘ দিন পর তার এই ফেসবুক লাইভ ও সরব উপস্থিতি ভক্তদের মনে নতুন আশার সঞ্চার করেছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। পরবর্তীতে চিকিৎসকদের পরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। গত ফেব্রুয়ারি মাসেই একটি অস্ত্রোপচারের মাধ্যমে তানিয়ার টিউমার অপসারণ করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য গত ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি, যেখানে তার আরও একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়। দীর্ঘ চিকিৎসা শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফিরে তিনি এতদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে বিশ্রামে ছিলেন।