...|...|...

বিশ্ব

অনুমতি ছাড়াই ফোনের গ্যালারিতে ফেসবুকের প্রবেশ, মেটাকে ৯০ কোটি ডলার জরিমানা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, রাত ৯:২৪
Shares
অনুমতি ছাড়াই ফোনের গ্যালারিতে ফেসবুকের প্রবেশ, মেটাকে ৯০ কোটি ডলার জরিমানা

ছবি: সংগৃহীত

ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই স্মার্টফোনের গ্যালারিতে সংরক্ষিত ছবি ও ভিডিওতে প্রবেশের অভিযোগে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮০ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা করেছে ইতালি। দেশটির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুকের একটি বিশেষ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষের তদন্তে উঠে এসেছে, ২০২৩ সালে চালু হওয়া ‘গেট সাজেশনস ফ্রম গ্যালারি’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের ফোনে সংরক্ষিত ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করার পরামর্শ দেওয়া হতো। তবে এ সুবিধার জন্য আলাদা ও স্পষ্ট অনুমতি না নিয়ে একাধিক কাজের জন্য একটি সাধারণ অনুমতি নেওয়া হতো। ফলে অনেক ব্যবহারকারী বুঝতেই পারতেন না, তাঁদের ফোনের পুরো গ্যালারিতে প্রবেশের সুযোগ পাচ্ছে ফেসবুক।

২০২৫ সালের জুলাইয়ে ইতালির বলজানো কনজিউমার প্রোটেকশন সেন্টারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। এতে দেখা যায়, ফিচারটি আগে থেকেই চালু অবস্থায় রাখা হতো। একবার অনুমতি দেওয়া হলে ব্যবহারকারীর গ্যালারিতে থাকা সব ছবি ও ভিডিওতে অ্যাপটির প্রবেশাধিকার পাওয়ার সুযোগ তৈরি হতো।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ কার্যক্রম ইতালির গোপনীয়তা সুরক্ষা আইনের ১২২ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। দেশটিতে প্রায় দুই কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এর মাধ্যমে প্রভাবিত হয়ে থাকতে পারেন।

জরিমানার পাশাপাশি মেটাকে ৬০ দিনের মধ্যে ফিচারটির জন্য আলাদা অনুমতি নেওয়ার ব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে ব্যবহারকারীর সম্মতি ছাড়া এটি চালু রাখা যাবে না। প্রতিষ্ঠানটিকে ৩০ দিনের মধ্যে প্রাথমিক অগ্রগতি এবং ৯০ দিনের মধ্যে গৃহীত পদক্ষেপের বিস্তারিত প্রতিবেদন জমা দিতে হবে।

তবে ব্যবহারকারীদের ছবি বা ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রশিক্ষণে ব্যবহার করা হয়েছে কি না, তা এই তদন্তের আওতায় ছিল না। এ বিষয়ে ভবিষ্যতে পৃথক তদন্তের সম্ভাবনাও জানিয়েছে ইতালির কর্তৃপক্ষ।