...|...|...

বিনোদন

‘রামায়ণ’ ট্রেলারেই নজর কাড়লেন রণবীর-যশ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, বিকেল ৩:৪২ | আপডেট: ২৯ আগস্ট ২০২৬, সকাল ৭:০৪
Shares
‘রামায়ণ’ ট্রেলারেই নজর কাড়লেন রণবীর-যশ

ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ পেল নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ পার্ট ১’-এর নতুন ট্রেলার। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে প্রকাশিত প্রায় সোয়া ৪ মিনিটের এই ট্রেলারে প্রথমবারের মতো পূর্ণাঙ্গভাবে দেখা মিলল রণবীর কপূর অভিনীত রাম, সাই পল্লবীর সীতা, রবি দুবের লক্ষ্মণ এবং যশ অভিনীত রাবণকে।

ট্রেলারের শুরুতে দেখা যায়, বিশাল এক প্রাসাদের দরজায় প্রতিরোধ ভেঙে প্রবেশ করছেন রাবণ এবং ঘোষণা দিচ্ছেন ‘রাবণরাজ’-এর সূচনার। রাবণের এই উত্থানে যখন দেবতা ও রাজারা আতঙ্কিত, তখনই অযোধ্যার রাজা দশরথের (অরুণ গোভিল) পুত্র হিসেবে আবির্ভাব ঘটে বিষ্ণুর অবতার রামের। এরপর ধারাবাহিকভাবে উঠে আসে রামের শৈশব-যৌবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত, অসুরদের বিরুদ্ধে লক্ষ্মণকে নিয়ে তার লড়াই, কৈকেয়ীর (লারা দত্ত) কাছে দশরথের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় রামের বনবাসযাত্রা এবং স্বামীর সাথে সীতার সেই পথে পা মেলানো।

আগের ট্রেলারের তুলনায় এবার অযোধ্যা ও লঙ্কার রাজকীয়তা ফুটিয়ে তুলতে বিশেষ গুরুত্ব দিয়েছেন নির্মাতারা। বিশাল সেট আর আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে পুরো গল্প ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এবারের ট্রেলারে। আগের বার অতিরিক্ত এআই ও ভিএফএক্স ব্যবহারের যে সমালোচনা হয়েছিল, এবার তা কিছুটা সংযত রাখা হয়েছে বলে জানিয়েছে দর্শকদের একাংশের।

তবে প্রায় সোয়া ৪ মিনিটের এই ট্রেলারে একবারও দেখা যায়নি সনী দেওল অভিনীত হনুমান চরিত্রকে, যা নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে একধরনের বিরক্তি। অনেকের ধারণা, চরিত্রটি হয়তো দ্বিতীয় পর্বের জন্য গোপন রাখা হয়েছে ইচ্ছাকৃতভাবেই।

দর্শক প্রতিক্রিয়াও মিশ্র। একদিকে ভিএফএক্স, আবহসংগীত, হাতির দৃশ্য ও রঙের ব্যবহারের প্রশংসা করছেন অনেকে। অন্যদিকে কারও কারও মতে, প্রায় ৪ হাজার কোটি টাকা বাজেটের ছবি হিসেবে যতটা প্রত্যাশা ছিল, ততটা পূরণ হয়নি এই ট্রেলারে। কিছু দৃশ্যে এখনও ‘গ্রিন স্ক্রিন’-এর ব্যবহার স্পষ্টভাবে চোখে পড়ে বলেও অভিযোগ উঠেছে।

অভিনয় নিয়েও চলছে আলোচনা। অনেকের মতে রামের সংযত ও মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব দারুণভাবে ফুটিয়ে তুলেছেন রণবীর, আবার কারও মতে তার সংলাপ বলার ধরন চরিত্রের সাথে ঠিক মানানসই হয়নি। অন্যদিকে যশের রাবণ প্রায় সর্বসম্মতভাবেই প্রশংসিত হয়েছে-অনেকের কাছে এটিই ট্রেলারের সবচেয়ে বড় আকর্ষণ।

সিনেমাটির সংগীত পরিচালনায় যৌথভাবে রয়েছেন অস্কারজয়ী এ আর রহমান ও হ্যান্স জিমার, আর ভিএফএক্সের দায়িত্বে রয়েছে একটি আন্তর্জাতিক সংস্থা। ছবির দুই পর্বের সংগীতস্বত্ব ইতিমধ্যে রেকর্ড ৭৫ কোটি টাকায় কিনে নিয়েছে টি-সিরিজ।

গত ১৮ জুলাই নয়াদিল্লিতে রুদ্ধদ্বার অনুষ্ঠানে প্রথম দেখানো হলেও ট্রেলারের কিছু অংশ ফাঁস হয়ে যায়। এরপর সান দিয়েগো কমিক-কনে বিশেষ প্রদর্শনী শেষে ২৪ জুলাই সর্বসাধারণের জন্য প্রকাশের কথা থাকলেও তা পিছিয়ে অবশেষে ৩০ জুলাই প্রকাশ পায়। আগামী ৮ নভেম্বর মুক্তি পাবে ‘রামায়ণ পার্ট ১’, আর দ্বিতীয় পর্ব আসবে ২০২৭ সালে।