বাংলাদেশের নাট্যাঙ্গন ও সেলুলয়েডের ভুবনে নির্দেশক হৃদি হক মানেই বিশালাকার ক্যানভাস, নান্দনিক নির্মাণ আর নিখুঁত শিল্পমুহূর্তের গ্যারান্টি। মঞ্চে ‘টোটাল থিয়েটার’-এর দর্শন ফুটিয়ে তুলে ‘গহর বাদশা ও বানেসা পরী’ কিংবা ‘আকাসে ফুইটেছে ফুল - লেটো কাহন’ এর মতো দৃষ্টিনন্দন প্রযোজনার মাধ্যমে তিনি বহু আগেই স্বকীয় স্থান সুদৃঢ় করেছেন। শুধু নির্দেশনায়ই নয়; ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’, ‘জনতার রঙ্গশালা’, ‘গোলমাথা চোখা মাথা’, ‘প্রাগৈতিহাসিক’ কিংবা ‘ক্রীতদাসের হাসি’র মতো কালজয়ী নাটকের প্রধান চরিত্রে তার উপস্থিতি দর্শকমনে অমলিন।
মঞ্চের সাফল্যকে অতিক্রম করে সিনেমা পরিচালনাতেও হৃদি হক ছড়িয়েছেন অনন্য দ্যুতি। তার পরিচালিত চলচ্চিত্র ‘১৯৭১ সেই সব দিন’ দেশ ও বিদেশে অভাবনীয় প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি সিনেমাটির জন্য নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ‘সেরা নির্দেশক’-এর চূড়ান্ত সম্মাননা ছাড়াও যুক্তরাষ্ট্রের টাম্পা বে ও নিউ জার্সি থেকে সম্মাননা দেওয়া হয় হৃদি হককে। তার চলচ্চিত্র নিয়ে যুক্তরাষ্ট্রের University of California, Berkeley-তেও তাকে বিশেষ বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। পাশাপাশি আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে সম্প্রতি তিনি ‘কলকাতা শর্টস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ বিচারকমণ্ডলীর (জুরি বোর্ড) অন্যতম সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন শেষ করেছেন।
চলচ্চিত্রের এই অবিরাম সাফল্যের যাত্রার পাশাপাশি থিয়েটারের টানে আবারও আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় এই নির্দেশক। নিউ জার্সির ‘সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল’-এ ‘Flowers of Errors’ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়ানোর পর তিনি পাড়ি জমান টেক্সাসে। ‘অস্টিন নাট্য মঞ্চ’ এর বিশেষ আমন্ত্রণে অস্টিনের প্রায় ৫০ জন নাট্যকর্মীকে নিবিড় কর্মশালার মাধ্যমে প্রস্তুত করে তিনি গড়ে তুলেছেন আন্তর্জাতিক ‘অফ-ব্রডওয়ে’ ধাঁচের নতুন নাট্যপ্রয়াস ‘The Rising of the Moon - আন্ধার জয়’।
আইরিশ নাট্যকার লেডি গ্রেগরির ক্লাসিক নাটকের মূল ভাবনা থেকে নেওয়া এ প্রযোজনাটি বিদ্রোহ ও আত্মপরিচয়ের গল্প। নাটকে সংযোজিত হয়েছে ব্যঙ্গাত্মক সুর (Satire), গতিময় শারীরিক অঙ্গভঙ্গি, জটিল কোরিওগ্রাফি এবং ঢাকার থিয়েটারের স্বনামধন্য সংগীত পরিচালক কামরুজ্জামান রনির অনবদ্য Live ও আবহ সুর।
বাংলাদেশের নাট্য আন্দোলন ও সংস্কৃতিচর্চার পথিকৃৎ ড.ইনামুল হক ও লাকী ইনামের সৃজনশীল উত্তরাধিকার হৃদি হক বর্তমানে ‘নাগরিক নাট্যাঙ্গন’-এর সাধারণ সম্পাদক, ‘এনএনআইডি’এর চেয়ারম্যান এবং ডালাসের নাট্যদল ‘রঙ্গমঞ্চ’ এর উপদেষ্টা হিসেবে শিল্পভুবনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন।
আগামী ৪ অক্টোবর টেক্সাসের জর্জটাউনের ই ইউনিভার্সিটি অ্যাভিনিউয়ের ‘জর্জটাউন থিয়েটার হল’-এ ‘আন্ধার জয়’-এর প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ আয়োজনকে কেন্দ্র করে অস্টিন, ডালাস, হিউস্টন ও সান অ্যান্টোনিওসহ সমগ্র টেক্সাসের নাট্যপ্রেমীদের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র কৌতূহল ও উদ্দীপনা।

