একটা সোফা, এক কাপ কফি আর করণের একের পর এক মজার আবার কারো কারো ক্ষেত্রে অস্বস্তিকর প্রশ্ন; বলিউডের তারকাদের অন্দরমহলের কত গল্প যে বেরিয়ে এসেছে এই ‘কফি কাউচ’ থেকে! প্রেম, বিয়ে, বন্ধুত্ব, বিচ্ছেদ কিংবা বিতর্ক—দুই দশকেরও বেশি সময় ধরে তারকাদের নানা অজানা গল্পের সাক্ষী হয়েছে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ’। এবার সেই পরিচিত আড্ডারই ইতি টানছেন করণ জোহর।
২০০৪ সালে শাহরুখ খান ও কাজলকে দিয়ে শুরু হয়েছিল অনুষ্ঠানের পথচলা। তারপর বলিউডের প্রায় সব প্রজন্মের তারকাই হাজির হয়েছেন করণের সামনে, বসেছেন সেই সোফায়। ছিল মজার প্রশ্ন, ব্যক্তিগত গল্প আর সবচেয়ে আলোচিত ‘র্যাপিড ফায়ার’ রাউন্ডে বহুবার তারকাদের মুখ ফসকে বেরিয়ে এসেছে অজানা নানা তথ্য।
‘কফি উইথ করণ’-এর শেষ মৌসুমের টিজারে অনুষ্ঠানের শুরুর গল্পও শেয়ার করেছেন করণ। তিনি জানান, শোটির আইডিয়া যখন বাবার সাথে শেয়ার করেছিলেন, তখন তিনি প্রশ্ন করেছিলেন, ‘ওরা তোমার বন্ধু, তোমরা একসাথে কাজ করো। এমন একটা শোয়ের জন্য কে তোমাকে টাকা দেবে?’ বাবার সেই কথা স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন করণ। কারণ, ‘কফি উইথ করণ’ শুরু হওয়ার আগেই তিনি তার বাবাকে চিরতরে হারান।
অথচ এই দীর্ঘ ২২ বছরে ‘কফি উইথ করণ’ এখন এমন এক জায়গায় পৌঁছেছে, যেখানে অনেক দর্শক করণের সিনেমার চেয়েও এই শোয়ের নতুন মৌসুমের জন্য বেশি অপেক্ষা করেন।
তবে এই দীর্ঘ যাত্রা একেবারেই মসৃণ ছিল না। বিনোদনের পাশাপাশি বিতর্কও ছিল অনুষ্ঠানের নিত্যসঙ্গী। অনুষ্ঠান করতে গিয়ে নানা বিতর্কের মুখে পড়েছেন করণ নিজেও।
তারকাদের মন্তব্য, বলিউডের স্বজনপ্রীতি থেকে শুরু করে নানা বিষয় নিয়ে বারবার সমালোচনা হয়েছে। আর কঙ্গনা রনৌতের সাথে করণের কথোপকথন এর মধ্যেই ‘নেপোটিজম’ শব্দটিও যেন করণের নামের সাথে স্থায়ীভাবে জড়িয়ে গেছে।
তাছাড়াও ২০১৯ সালে হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের নারীদের নিয়ে করা মন্তব্য ঘিরে তীব্র সমালোচনা হলে দুজনকেই সাময়িক নিষিদ্ধ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এ ঘটনা দেখিয়ে দিয়েছিল, ‘কফি উইথ করণ’শোয়ের প্রভাব কতটা বিস্তৃত।

টেলিভিশন থেকে ওটিটিতে পা রেখেও জনপ্রিয়তা ধরে রেখেছিল অনুষ্ঠানটি। ২২ বছর, ৮টি মৌসুম ও ১৬১টি পর্ব পেরিয়ে অবশেষে শেষ মৌসুমে পৌঁছেছে এই আয়োজন। কারন নবম মৌসুমই হবে এর শেষ অধ্যায়। দুঃখভারাক্রান্ত হৃদয়ে নিজেই ঘোষণা দিয়েছেন এই সিদ্ধান্তের কথা।
করণ জানিয়েছেন, আরও সিনেমা পরিচালনা ও নতুন গল্প বলার ইচ্ছা থেকেই ২২ বছর পর ‘কফি উইথ করণ’-কে বিদায় বলছেন তিনি। এবার জীবনের পরবর্তী দশকে তিনি অন্যদিকে মন দিতে চান। যে অনুষ্ঠান নিয়ে এতো সংশয় ছিল, আজ সেই অনুষ্ঠান শেষ হওয়ার খবরে তৈরি হয়েছে নস্টালজিয়া। তাই, শেষ মৌসুমে করণের সেই বিখ্যাত সোফায় কারা বসবেন, সেটিই এখন সবচেয়ে বড় কৌতূহল।

