শোবিজ অঙ্গনের তারকা, কনটেন্ট ক্রিয়েটরসহ বিভিন্ন ক্ষেত্রের গুণী ও সফল ব্যক্তিত্বদের অসামান্য অর্জনকে সম্মান জানাতে আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এইচ জি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’—সিজন ৫।
রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বসবে এবারের জমকালো আসর। আয়োজনকে সামনে রেখে রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয়েছে ‘এইচ জি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’-এর প্রেস কনফারেন্স ও অ্যাওয়ার্ড উদ্বোধনী অনুষ্ঠান।
তারকামুখর এ আয়োজনে শোবিজ অঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রের পরিচিত মুখদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডের ফাউন্ডার শাহরিয়ার স্বপন, উপদেষ্টা রাজু আলিম, কো-ফাউন্ডার অন্তু করিম এবং জুরি বোর্ডের সদস্য মো. মানসুরুল হক।
প্রেস কনফারেন্সে আয়োজকেরা জানান, এবারের আসরে শোবিজ, মিডিয়া, কনটেন্ট ক্রিয়েশনসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা সফল ব্যক্তিত্বদের সম্মাননা দেওয়া হবে। পাশাপাশি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তারকাদের অংশগ্রহণে থাকছে নানা আয়োজন।
আয়োজকেরা বলেন, দেশের বিভিন্ন অঙ্গনে নিজেদের প্রতিভা ও সাফল্যের মাধ্যমে অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতি আসরের মতো এবারও ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে সফল ব্যক্তিত্বদের সম্মান জানানো হবে।
অনুষ্ঠানের সমাপনী পর্বে পঞ্চম আসরের অন্যতম পৃষ্ঠপোষক হালিমা গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম হাসান টগর এবং আর এইচ টি’র প্রতিনিধি ডা. তহমিনা নওরিন উপস্থিত ছিলেন। তারা ‘এইচ জি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’ আয়োজনের সফলতা কামনা করেন।
আগামী ১৪ নভেম্বর রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠবে ‘এইচ জি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’—সিজন ৫-এর।

