...|...|...

বিনোদন

‘উৎসব’, ‘বনলতা এক্সপ্রেস’ এর পর এবার নতুন চমক তানিম নূরের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, রাত ৮:০৬
Shares
‘উৎসব’, ‘বনলতা এক্সপ্রেস’ এর পর এবার নতুন চমক তানিম নূরের

পরিচালক তানিম নূর। ছবি: সংগৃহীত

‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’- পরপর দুই সিনেমায় দর্শকপ্রিয়তা, ব্যবসায়িক সাফল্য আর আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার পর থেকেই তানিম নূরের পরের সিনেমা নিয়ে কৌতূহল ছিল তুঙ্গে। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন ছবির ঘোষণা দিলেন নির্মাতা। তার পরবর্তী সিনেমার নাম ‘মজনু এন্টারপ্রাইজ’, যা মুক্তি পাবে ২০২৭ সালে।

সম্প্রতি নিজের ফেসবুক স্টোরিতে একটি বন্ধ দরজার ছবি প্রকাশ করেন তানিম নূর। দরজার ওপরে লেখা ছিল, ‘মজনু এন্টারপ্রাইজ, প্রোপ্রাইটার তানিম নূর’। কিছুক্ষণের মধ্যেই নির্মাতা ও সম্পাদক সালেহ সোবহান অনীম এবং চিত্রনাট্যকার-নির্মাতা আয়মান আসিব স্বাধীনও একই ছবি শেয়ার করেন। এরপরই শুরু হয় নতুন সিনেমা নিয়ে জল্পনা। পরে তানিম নূর নিশ্চিত করেন, এটিই তার নতুন ছবি।

তিনি বলেন, ‘এটা আমার নতুন সিনেমা। মুক্তির দিন এখনো ঠিক করিনি, তবে ২০২৭ সালেই আসবে।’

২০২৫ ও ২০২৬ সালের ঈদে মুক্তি পাওয়া ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ সাহিত্যনির্ভর গল্পে নির্মিত হলেও এবার মৌলিক গল্পে ফিরছেন তানিম নূর। নতুন সিনেমাটি হবে ডিটেকটিভ ঘরানার। তবে গল্পের বিস্তারিত এখনই প্রকাশ করতে চান না তিনি।
এর আগে তানিম নূরের গোয়েন্দা সিরিজ ‘কাইজার’ দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিল। তবে নতুন সিনেমার চরিত্র ‘কাইজার’ নয়, সম্পূর্ণ নতুন এক গোয়েন্দাকে কেন্দ্র করে গল্প এগোবে। 

এ ছাড়া ২০২৭ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা তানিম নূর প্রযোজিত ‘কানাভুলা প্যারাডক্স’। আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকার পরিচালিত রোমান্টিক সাই-ফাই হরর সিনেমাটিতে অভিনয় করবেন শরীফুল রাজ ও সাবিলা নূর। সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ২০২৭ সালের জানুয়ারিতে।