বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর অন্যতম অস্কারের ৯৯তম আসরে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’। দেশের চলচ্চিত্র অঙ্গনে এটি নতুন প্রত্যাশা তৈরি করেছে। এবার অস্কারের মঞ্চে বাংলাদেশের হয়ে লড়াই করবে সিনেমাটি।
রবিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকায় এক সংবাদ সম্মেলনে সিনেমাটিকে বাংলাদেশের আনুষ্ঠানিক মনোনয়ন হিসেবে ঘোষণা করা হয়।
বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম নির্বাচিত সিনেমার নাম ঘোষণা করেন।
এবার অস্কারে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য জমা পড়েছিল পাঁচটি সিনেমা। এগুলো হলো রেদওয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’।
তবে বাছাইপ্রক্রিয়া থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ায় ‘মানুষের বাগান’। এরপর বাকি চারটি সিনেমার মধ্য থেকে দীর্ঘ পর্যালোচনা ও সর্বসম্মত সিদ্ধান্তে ‘রইদ’কে চূড়ান্ত করে ছয় সদস্যের নির্বাচন কমিটি। ১৬ সেপ্টেম্বর ছিল সিনেমা জমা দেওয়ার শেষ দিন।
অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন ড. জহিরুল ইসলাম কচি। কমিটির অন্য সদস্যরা হলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।
এবারের মনোনয়নের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রকে তুলে ধরার সুযোগ পাচ্ছে ‘রইদ’।


