নির্মাতা হিসেবে পথচলার ২৫ বছর পূর্ণ করেছেন নাট্য ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী। তার এই দীর্ঘ ক্যারিয়ারের বিশেষ মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী।
চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘প্রহেলিকা’ সিনেমায় অভিনয় করেছিলেন বুবলী। সেই কাজের অভিজ্ঞতা ও নির্মাতার সাথে গড়ে ওঠা আন্তরিক সম্পর্কের কথা তুলে ধরে তাকে শুভকামনা জানান এই অভিনেত্রী।
চয়নিকা চৌধুরীর সাথে তোলা একটি ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করে বুবলী লেখেন, একজন নির্মাতা শুধু গল্প পর্দায় তুলে ধরেন না, তার কাজের মধ্য দিয়ে একটি সময়কেও ধরে রাখেন। চয়নিকার ২৫ বছরের যাত্রাকে গল্প বলা, গল্প নির্মাণ এবং স্বপ্নকে দৃশ্যমান করার দীর্ঘ অধ্যায় হিসেবে উল্লেখ করেন তিনি।
নারী নির্মাতা হিসেবে চয়নিকার দীর্ঘ পথচলাকে অনুপ্রেরণাদায়ক বলেও উল্লেখ করেন বুবলী। ‘প্রহেলিকা’ সিনেমায় কাজের স্মৃতিচারণ করে তিনি জানান, শুটিংয়ের প্রথম দিন থেকেই চয়নিকার আন্তরিকতা, মমতা ও আপন করে নেওয়ার আচরণ তাকে মুগ্ধ করেছে।
‘প্রহেলিকা’য় অর্পা চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা তুলে ধরে বুবলী আরও জানান, চয়নিকার নির্দেশনায় কাজ করতে গিয়ে শুধু একজন পরিচালককেই নয়, একজন সংবেদনশীল ও সৃষ্টিশীল মানুষকেও কাছ থেকে জানার সুযোগ হয়েছে। সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি নির্মাতার ভাবনা ও সৃজনশীলতার অংশ হতে পারাকে নিজের জন্য বিশেষ অভিজ্ঞতা হিসেবে দেখছেন তিনি।
চয়নিকার ২৫ বছরের নির্মাণযাত্রার জন্য শুভেচ্ছা জানিয়ে বুবলী তার বার্তার শেষে লেখেন, ‘শুভ ২৫ বছর আপুনি।’
উল্লেখ্য, ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর ‘শেষ বেলায়’ নাটকের শুটিংয়ের মাধ্যমে নির্মাণে যাত্রা শুরু করেন চয়নিকা চৌধুরী। এরপর দীর্ঘ ক্যারিয়ারে চার শতাধিক একক ও ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন তিনি।
টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণেও কাজ করেছেন চয়নিকা। তার নির্মিত প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’। এরপর তিনি নির্মাণ করেন ‘প্রহেলিকা’। চলচ্চিত্রে ব্যস্ততার পাশাপাশি টেলিভিশন নাটক নির্মাণও অব্যাহত রেখেছেন এই নির্মাতা।


