...|...|...

বিনোদন

কমেছে শাহরুখের সম্পদ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:১৭
Shares
কমেছে শাহরুখের সম্পদ

বলিউড বাদশা শাহরুখ খান। ছবি: সংগৃহীত

ভারতের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় আবারও শীর্ষস্থান ধরে রেখেছেন বলিউড বাদশা শাহরুখ খান। ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬’ অনুযায়ী, বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার কোটি রুপি। 

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও নাইট রাইডার্স স্পোর্টসসহ বিভিন্ন সফল ব্যবসাপ্রতিষ্ঠান এবং বিনিয়োগের সুবাদেই তার এই বিপুল সাম্রাজ্য গড়ে উঠেছে।

তবে গত বছরের তুলনায় এবার শাহরুখ খানের সম্পদের পরিমাণ কিছুটা কমেছে। এনডিটিভি ও হুরুন ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের রিচ লিস্টে তার সম্পদের পরিমাণ ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। সে হিসেবে এক বছরের ব্যবধানে তার আনুমানিক সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি।

চলতি বছরের শুরুতে প্রকাশিত ‘হুরুন গ্লোবাল রিচ লিস্ট’-এ তার সম্পদ ১০ হাজার ৮০০ কোটি রুপি দেখানো হয়েছিল। বিভিন্ন সম্পদ, ব্যবসা ও প্রতিষ্ঠানের বাজারমূল্য ওঠানামার ওপর ভিত্তি করেই মূলত এই হিসাবের তারতম্য হয়ে থাকে। সম্পদ কিছুটা কমলেও ভারতের বিনোদন জগতে তার আর্থিক শীর্ষস্থান অক্ষুণ্ণ রয়েছে।

তালিকায় শাহরুখ খানের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চন, যার মোট সম্পদের পরিমাণ ৪ হাজার কোটি রুপি। তৃতীয় অবস্থানে থাকা সালমান খানের সম্পদ প্রায় ৩ হাজার কোটি রুপি এবং ২ হাজার ৫০০ কোটি টাকার সম্পদ নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন হৃতিক রোশন।

সম্পদের এই হিসাবের পাশাপাশি বর্তমানে ভক্তদের প্রধান আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই হাই-অ্যাকশন থ্রিলার সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডানকি’র পর এটি হতে যাচ্ছে বড় পর্দায় শাহরুখ খানের প্রথম সিনেমা। বিশেষ এই চলচ্চিত্রে প্রথমবারের মতো বাবার সাথে বড় পর্দায় জুটি বাঁধছেন শাহরুখ-কন্যা সুহানা খান।

এছাড়া সিনেমাটিতে দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি ও অনিল কাপুরের মতো তারকারাও অভিনয় করছেন। এর আগে শুটিংয়ের সময় সামান্য চোট পাওয়ায় কাজের গতি কিছুটা শ্লথ হলেও বর্তমানে সিনেমাটির নির্মাণকাজ প্রায় শেষের পথে বলে জানা গেছে।